“শুধু সরকারি বাসে চলবে না”—বেসরকারি বাস ভাড়া বৃদ্ধি নিয়ে বড় আপডেট দিলেন অর্জুন সিং, কবে চূড়ান্ত ঘোষণা?

কলকাতা-সহ গোটা রাজ্যে বেসরকারি বাস ও মিনিবাসের ভাড়া বৃদ্ধি নিয়ে জল্পনা তুঙ্গে। এই আবহে বড় ইঙ্গিত দিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং। তিনি স্পষ্ট জানিয়েছেন, ভাড়া বৃদ্ধির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনার পরই নেওয়া হবে।

বাস ভাড়া বৃদ্ধির আলোচনা

দীর্ঘদিন ধরেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বেসরকারি বাস মালিকরা ভাড়া বাড়ানোর দাবি জানিয়ে আসছেন। সর্বশেষ ২০১৮ সালে রাজ্যে বাসের ভাড়া বেড়েছিল। বাস মালিকদের দাবি, সেই সময় লিটার প্রতি ডিজেলের দাম ছিল ৬৮ টাকা, যা বর্তমানে বেড়ে ১০০ টাকার কাছাকাছি পৌঁছেছে। পাশাপাশি যন্ত্রাংশ, লুব্রিক্যান্ট, বিমা, কর এবং কর্মীদের খরচও বহুগুণ বেড়েছে। এর ফলে দৈনন্দিন পরিষেবা দিতে গিয়ে বিপুল ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে দাবি মালিক পক্ষের।

ন্যূনতম ভাড়া ১৮ টাকা করার প্রস্তাব প্রসঙ্গে পরিবহণমন্ত্রী অর্জুন সিং বলেন, “ওরা বলছে বাসে উঠলে ১৮ টাকা। আমার মনে হয়, এই রকম না হয়ে সার্ভে করে সঠিক তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া দরকার। পেট্রোল, ডিজেল, ড্রাইভারের খরচ, সব কিছুই বেড়েছে। তবে সঠিক পরিষেবা দিতে গেলে ভাড়া বাড়ানো উচিত।” তিনি আরও জানান, গণপরিবহণ ব্যবস্থাকে আরও সুষ্ঠু ও শক্তিশালী করতে কেবল সরকারি বাসের ওপর নির্ভর না করে বেসরকারি বাস অপারেটরদের সহযোগিতাও প্রয়োজন। পরিবহণ দফতরের সমীক্ষার রিপোর্ট হাতে আসার পরই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে চূড়ান্ত পদক্ষেপ করা হবে।

বাস মালিকদের উদ্যোগ ও প্রত্যাশা

সম্প্রতি বাস মালিকদের বিভিন্ন সংগঠন পরিবহণমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিয়ে দৈনন্দিন আয়-ব্যয়ের হিসেব তুলে ধরেছে। সংগঠনের দাবি, বর্তমান পরিস্থিতিতে বেসরকারি পরিবহণ ক্ষেত্র বড়সড় সঙ্কটে রয়েছে এবং দ্রুত ভাড়া সমন্বয় না হলে পরিষেবা চালানো কঠিন হয়ে পড়বে।

পরিবহণমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যে আশার আলো দেখছেন বাস মালিকরা। মালিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্য সরকার নীতিগতভাবে ভাড়া বৃদ্ধির বিষয়টি বিবেচনা করছে, যা ইতিবাচক পদক্ষেপ। মন্ত্রীর সঙ্গে আলোচনা সদর্থক হয়েছে দাবি করে দ্রুত ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হওয়ার অপেক্ষায় রয়েছেন তাঁরা।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *