“মা রাজি না হলে বিয়ে নয়!” রাজবীরের জবাবে চরম আঘাত পেলেন নন্দিনী, কী বললেন অভিনেত্রী?

‘বিগ বস’ বাংলার ঘরে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে ঢুকেছিলেন শিলিগুড়ির রাজবীর দে। ঘরে প্রবেশের পর নিজের কৌশলে দর্শকদের প্রিয় হয়ে ওঠার পাশাপাশি অন্য প্রতিযোগীদের কাছেও শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে তুলে ধরেন তিনি। এই শোয়েই নন্দিনী দত্তের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান রাজবীর। তাঁদের খুনসুটি আর রসায়ন দর্শকদের বেশ পছন্দ হলেও, একপর্যায়ে রাজবীরের ওপর রেগে গিয়ে তাঁর গায়ে হাত তোলার জেরে মাঝপথেই বিগ বস থেকে বিদায় নিতে হয় নন্দিনীকে। পরে ফ্যামিলি পর্বে রাজবীরের মা এসে ছেলেকে শুধু খেলার দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন এবং নন্দিনী প্রসঙ্গ এড়িয়ে যান। সোমবার এক সাংবাদিক সম্মেলনে নন্দিনীকে নিয়ে রাজবীরের মন্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে, যা নিয়ে কিছুটা ক্ষুব্ধ নন্দিনী ও তাঁর পরিবার।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজবীর জানান যে তিনি নন্দিনীকে ভালোবাসেন এবং এই সম্পর্ক নিয়ে সিরিয়াস। এমনকী এখনই এনগেজমেন্ট করতেও রাজি বলে জানান তিনি। তবে এর পরেই রাজবীর বলেন, মায়ের মনে কষ্ট দিয়ে তিনি কিছু করতে চান না, তাই বিয়ের বিষয়ে মাকে রাজি করানোর চেষ্টা করবেন। মা না চাইলে নন্দিনীর সঙ্গে বিয়ে করবেন না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি। রাজবীরের এই সোজাসাপটা মন্তব্যে নেটপাড়ায় শুরু হয় জোর চর্চা।
নন্দিনীর বাস্তববাদী জবাব ও অভিমান রাজবীরের মন্তব্যের পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন নন্দিনী। তাঁর মতে, একটি রিয়েলিটি শোয়ে তাঁদের আলাপ এবং সম্পর্কের বয়স মাত্র দুই মাস। এত অল্প সময়ে বিয়ের মতো বড় সিদ্ধান্ত নিয়ে চূড়ান্ত কোনও উত্তর আশা করা ঠিক নয়। ক্যামেরার বাইরের আসল দুনিয়া তাঁরা এখনও একসঙ্গে দেখেননি। টাকা-পয়সা, সংসারের দায়িত্ব, পরিবার কিংবা অসুস্থতার মতো কঠিন সময়ে একে অপরের পাশে কীভাবে থাকবেন, সেই পরীক্ষা এখনও বাকি বলে মনে করেন তিনি। নন্দিনীর কথায়, ভালোবাসা ও রোম্যান্স সুন্দর হলেও বিয়ের আগে বাস্তবের চ্যালেঞ্জে পাশে থাকা সম্ভব কি না, তা বোঝা খুব জরুরি।
তবে এতটা বাস্তববাদী কথা বললেও রাজবীরের প্রতি তাঁর অনুভূতি যে আন্তরিক, তা স্পষ্ট করেছেন নন্দিনী। ঘরের ভেতরের রোম্যান্স ও ঘনিষ্ঠতাকে যাঁরা নিছক ‘গেম প্ল্যান’ বলে মনে করেছিলেন, তাঁদের উদ্দেশ্যে অভিনেত্রী জানিয়েছেন যে তিনি রাজবীরকে মন থেকেই পছন্দ করেন ও ভালোবাসেন এবং তাঁর অনুভূতি একেবারেই খাঁটি। যদিও সারাজীবন একসঙ্গে থাকবেন কি না, সেই উত্তরটা সময়ের ওপরই ছেড়ে দিয়েছেন তিনি।
পাশাপাশি রাজবীরের কথা বলার ধরনে যে মনের ভেতর একটা চাপা কষ্ট তৈরি হয়েছে, তাও লুকোননি নন্দিনী। সোজাসুজিই তিনি লিখেছেন, “ও যেভাবে প্রশ্নটা সামলাল, তাতে আমি খুব আঘাত পেয়েছি। আমি ভেবেছিলাম ও বলবে, এই বিষয়গুলোতে সময়ের দরকার, আর শোয়ের বাইরে বেরিয়ে আমাদের সম্পর্কটাকে আরও ভালোভাবে বুঝতে চায়।” রাজবীরের কথা বা কাজের ওপর তাঁর কোনও নিয়ন্ত্রণ নেই বলেও মেনে নিয়েছেন নন্দিনী, তবে একটি মন্তব্যের জন্য রাজবীরের প্রতি তাঁর ভালোবাসা বদলে যাবে না বলেও জানিয়েছেন। রাজবীর ও নন্দিনীর এই প্রেম বাস্তবে কোনদিকে মোড় নেয়, তা শো শেষ হওয়ার পরই বোঝা যাবে।