৩৪ ফুটের খুঁটি ও ২৯ ফুটের অষ্টকোণ রাসচক্র! কোচবিহারের ঐতিহ্য বাঁচাতে এক মাস ধরে কীভাবে চলে প্রস্তুতি?

কোচবিহারের ২০০ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী রাস উৎসব ও রাসমেলার প্রাণকেন্দ্র হলো রাসচক্র। ঠাকুর মদনমোহনকে ঘিরে আয়োজিত এই উৎসবের সূচনা হয় রাসচক্র ঘোরানোর মধ্য দিয়ে, যা মদনমোহন মন্দির প্রাঙ্গণে স্থাপন করা হয়। সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ হয়ে রাজ আমল থেকে চলে আসা সেই রাসচক্র তৈরির গুরুদায়িত্ব চার প্রজন্ম ধরে পালন করে আসছে হরিণচড়া সংলগ্ন এলাকার বাসিন্দা আমিনুর মিয়াঁর পরিবার।

প্রয়াত আলতাফ মিয়াঁর ছেলে আমিনুর বাবার হাত ধরেই এই শিল্পকর্মের কাজ রপ্ত করেছেন। প্রথা মেনে লক্ষ্মীপুজোর পূর্ণিমায় উপবাস করে রাসচক্র তৈরির কাজ শুরু করেন তিনি। এরপর প্রায় এক মাস ধরে নিজের বাড়িতেই নিষ্ঠার সঙ্গে চলে নির্মাণকাজ। এই পুরো সময়টায় নিরামিষ খাবার খান আমিনুর।

দেবত্র ট্রাস্ট বোর্ড সূত্রে জানা গেছে, বাঁশ, কাঠ ও রঙিন কাগজের সমন্বয়ে তৈরি এই রাসচক্রে বিভিন্ন দেব-দেবীর ৩২টি ছবি থাকে। অষ্টকোণ বিশিষ্ট এই কাঠামোর মাথায় থাকে বিশাল আকৃতির গম্বুজ। তাজিয়ার আদলে তৈরি প্রায় ২৯ ফুটের এই রাসচক্রটি প্রায় ৩৪ ফুট উঁচু কাঠের খুঁটিতে বসানো হয় এবং রাস উৎসব শুরুর দিন মদনমোহন বাড়ি চত্বরে টাঙিয়ে দেওয়া হয়।

কোচবিহারের মহারাজার সময় থেকে চলে আসা এই পরম্পরার প্রতিটি অংশে সমস্ত ধর্মের প্রতি শ্রদ্ধা ও সম্প্রীতির বার্তা ফুটে ওঠে বলে জানান সংশ্লিষ্টরা। আধুনিক সময়ের নানা টানাপোড়েনের মাঝেও আমিনুর মিয়াঁদের এই প্রজন্মগত নিষ্ঠা কোচবিহারের রাস ঐতিহ্যকে সমৃদ্ধ করে চলেছে।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *