২২ লক্ষ আবেদন ঝুলে, ৯৩ শতাংশ ক্ষেত্রেই নাম ফিরছে! এসআইআর শুনানিতে বড় নির্দেশ শীর্ষ আদালতের

আসন্ন কলকাতা ও হাওড়া পুরনিগমের ভোটের দিকে তাকিয়ে পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) সংক্রান্ত আপিল ট্রাইব্যুনালগুলোকে আরও দ্রুত গতিতে আবেদন নিষ্পত্তির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিককে শীর্ষ আদালতের নির্দেশ, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করে প্রয়োজনে ট্রাইব্যুনাল বেঞ্চ এবং বিচারপতির সংখ্যা বাড়াতে হবে।

প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে সোমবার এই মামলার শুনানি হয়। শুনানিতে বেঞ্চ জানায়, যে সব এলাকায় নির্বাচন আসন্ন, সেখানকার আবেদনকারীদের নামের নিষ্পত্তি দ্রুত করার ব্যবস্থা করতে হবে।

শুনানিতে কী হল?

আদালতে জানানো হয়, ট্রাইব্যুনালে মোট ৩৮ লক্ষ আবেদন জমা পড়েছিল, যার মধ্যে প্রায় ২২ লক্ষ ভোটারের নাম এসআইআর তালিকা থেকে বাদ পড়েছে বলে দাবি করা হয়েছে। এখনও পর্যন্ত মাত্র ১ লক্ষের মতো নামের নিষ্পত্তি করেছে ট্রাইব্যুনাল এবং তার মধ্যে প্রায় ৯৩ শতাংশ আবেদন ইতিবাচক হয়েছে— অর্থাৎ তাঁদের নাম আবারও ভোটার তালিকায় যুক্ত হয়েছে। এই আবেদনগুলোর দ্রুত নিষ্পত্তিতে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

পাশাপাশি, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বাকি যেসব আবেদন জমা পড়েছে, সেগুলোর শুনানি আপাতত পিছিয়ে বা পরে করার নির্দেশ দেওয়া হয়েছে। আবেদনকারীদের সুবিধার্থে কলকাতাসহ অন্যান্য শহরের বিকল্প ও সুবিধাজনক জায়গায় অ্যাপিলেট ট্রাইব্যুনাল গড়ার কথাও বলেছে আদালত, যাতে দ্রুত আবেদনের নিষ্পত্তি করা যায়। এ ছাড়া এসআইআর তালিকায় নাম না ওঠায় যাঁরা বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, তাঁদের উপযুক্ত আদালত অর্থাৎ হাইকোর্টে গিয়ে দ্রুত নিষ্পত্তির জন্য মামলা করার পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত।

আইনজীবীদের সওয়াল ও বিচারপতির মন্তব্য

শুনানির সময় আবেদনকারীদের দুই পক্ষের তরফে সওয়াল করেন প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণ এবং গোপাল শঙ্করনারায়ণন। প্রধান বিচারপতির বেঞ্চের সামনে পরিসংখ্যান তুলে ধরে প্রশান্ত ভূষণ বলেন, “এখনও পর্যন্ত যেটুকু শুনানি হয়েছে তার মধ্যে ৯৩ শতাংশ ভোটারের নাম তালিকায় ফিরে আসছে। আর তাই শুনানিতে গতি আনা দরকার। শুধু কলকাতাতেই এখনও দু’লক্ষ ভোটারের নাম নিয়ে শুনানি বাকি। সামগ্রিকভাবে পুর নির্বাচনের হিসেব ধরলে দেখা যাবে এখনও ২২ লক্ষ লোকের শুনানি বাকি।”

এই প্রসঙ্গে বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, যেখানে যেখানে ভোট হবে সেখানকার শুনানি আগে করতেই হবে এবং তার জন্য বেঞ্চ ও বিচারপতির সংখ্যা বাড়ানো প্রয়োজন। অন্যদিকে গোপাল শঙ্করনারায়ণন সওয়ালে জানান, অনেক ক্ষেত্রে শুনানিতে দেরি হওয়ার অন্যতম কারণ নির্বাচন কমিশনের নিয়ম ও প্রক্রিয়াগত জটিলতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *