জানুয়ারি থেকেই প্রতি মাসে বিদ্যুতের বিল! ৯০০ ইউনিট খরচে বড় সাশ্রয়, কী জানালেন মুখ্যমন্ত্রী?

আগামী জানুয়ারি মাস থেকেই তিন মাসের বদলে প্রতি মাসে বিদ্যুতের বিল পাবেন রাজ্য বিদ্যুৎ নিগম বা ডব্লিউবিএসইডিসিএল (WBSEDCL) এলাকার গ্রাহকরা। সোমবার নবান্নে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সিইএসসি (CESC)-র গ্রাহকরা যে পদ্ধতিতে মাসিক বিল পান, এবার থেকে সেই একই পদ্ধতিতে বিল পাবেন রাজ্য বিদ্যুৎ নিগমের গ্রাহকরা।
প্রতি মাসে বিদ্যুতের বিল পাঠানোর মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমারস অ্যাসোসিয়েশন বা অ্যাবেকা (ABECA)।
৯০০ ইউনিট খরচে সাশ্রয়, কারা লাভবান হবেন?
প্রতি মাসে বিদ্যুতের বিলে কোন গ্রাহকদের সাশ্রয় হবে এবং কী সুবিধা মিলবে, তা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন অ্যাবেকা-র সাধারণ সম্পাদক সুব্রত বিশ্বাস। তাঁর দাবি, বর্তমান ব্যবস্থায় যে গ্রাহকদের তিন মাস মিলিয়ে ৯০০ ইউনিটের বেশি বিদ্যুৎ খরচ হত, নতুন ব্যবস্থায় মূলত তাঁরাই উপকৃত হবেন।
কারণ হিসেবে তিনি জানান, তিন মাসে ৯০০ ইউনিটের বেশি বিদ্যুৎ খরচ হলেই বিদ্যুতের বিলে সরকারি ভর্তুকি মেলে না এবং তার ওপর যোগ হয় সরকারি শুল্ক। কিন্তু প্রতি মাসে বিল এলে স্বাভাবিকভাবেই এক মাসে ৯০০ ইউনিট বিদ্যুৎ খরচ হবে না; ফলে তিন মাসে যাঁদের বিদ্যুৎ ব্যবহার ৯০০ ইউনিট ছাড়িয়ে যেত, মাসিক বিল চালু হলে তাঁদের কিছুটা সাশ্রয় হবে।
সুব্রত বিশ্বাসের দাবি, তিন মাসে ৯০০ ইউনিটের বেশি বিদ্যুৎ খরচ হয় এমন গ্রাহক ছাড়া নতুন ব্যবস্থায় আর কেউ বিশেষ সুবিধা পাবেন না; তা সত্ত্বেও তাঁরা নতুন এই ব্যবস্থাকে স্বাগত জানাচ্ছেন।
২০০ ইউনিট বিনামূল্যে ও স্মার্ট মিটার নিয়ে অভিযোগ
একই সঙ্গে অ্যাবেকা-র পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রতি মাসে ডোমেস্টিক গ্রাহকদের জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দিতে হবে। পাশাপাশি, স্মার্ট মিটার ব্যবহারেও নতুন গ্রাহকদের বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন অ্যাবেকা-র সাধারণ সম্পাদক।
তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে গত ১৩ জুলাই জানিয়েছিলেন যে ডোমেস্টিক গ্রাহকদের ক্ষেত্রে স্মার্ট মিটার বাধ্যতামূলক নয়। কিন্তু মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যের পরেও যাঁরা নতুন বিদ্যুৎ সংযোগ নিচ্ছেন বা যাঁদের মিটার খারাপ হচ্ছে, তাঁদের স্মার্ট মিটার নিতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ। মুখ্যমন্ত্রীর কাছে তাঁর অনুরোধ, স্মার্ট মিটার নিয়ে এই জোরাজুরি বন্ধ হলে রাজ্যের বহু মানুষ উপকৃত হবেন।