৫ দিন পর বাঁধ থেকে চিকিৎসকের বস্তাবন্দি দেহ উদ্ধার! ১ কোটি ২৫ লক্ষ টাকার জমি বিবাদে নৃশংস খুন

মহারাষ্ট্রের জলগাঁও জেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাকা এক চিকিৎসকের বস্তাবন্দি দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকালে জেলার বাহুলা বাঁধ থেকে ডাঃ সঞ্জয় তেলি নামে ওই চিকিৎসকের দেহ উদ্ধার করে পুলিশ। গত ১৮ নভেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জমি সংক্রান্ত বিবাদের জেরেই তাঁকে খুন করা হয়েছে।

জমি বিবাদ ও খুনের অভিযোগ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জলগাঁওয়ের পাচোরা তালুকের গোরাদখেদা গ্রামে ১ কোটি ২৫ লক্ষ টাকার একটি চাষের জমি কেনাবেচা ঘিরে এই ঘটনার সূত্রপাত। ওই জমি সংক্রান্ত লেনদেনের ১ লক্ষ ৯০ হাজার টাকা কমিশন দেওয়ার নাম করে রাহুল ধর্মরাজ পাটিল নামে এক জমির দালাল ডাঃ তেলিকে গোরাদখেদায় ডেকে পাঠান বলে অভিযোগ। সেখানে পৌঁছানোর পর জমি নিয়ে দু’জনের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, বচসা চলাকালীন ধারালো অস্ত্র দিয়ে ডাঃ তেলিকে কুপিয়ে খুন করেন রাহুল।

অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গাভিট জানিয়েছেন, খুনের পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে রাহুল তাঁর কর্মচারী সঞ্জয় ভিলের সাহায্য নেন। দু’জনে মিলে চিকিৎসকের দেহটি একটি বস্তায় ভরে বাহুলা বাঁধে ফেলে দেন বলে তদন্তে উঠে এসেছে।

তদন্তে গ্রেফতার ২, পরিবারের দাবি

চিকিৎসক নিখোঁজ হওয়ার পর থেকেই তদন্তে নেমেছিল পুলিশ। ডাঃ তেলির মোবাইলের শেষ লোকেশন, কল ডিটেল রেকর্ড (CDR) এবং ঘটনাস্থলের কাছাকাছি একটি গাড়ির সূত্র ধরে স্থানীয় ক্রাইম ব্রাঞ্চ ও পাচোরা থানার পুলিশ মূল অভিযুক্ত রাহুল পাটিল এবং তাঁর সহযোগী সঞ্জয় ভিলকে গ্রেফতার করেছে।

অন্যদিকে, মৃত চিকিৎসকের পরিবারের দাবি, ওই জমি কেনার জন্য অভিযুক্তকে ইতিমধ্যেই ৮০ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *