মমতাও কিছু করতে পারবেন না!’ তোলাবাজির অভিযোগ থেকে ED-র তল্লাশি, কী সামনে এল?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগের ভিত্তিতে একসময় গ্রেফতার হয়েছিলেন তৃণমূল নেতা ও বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। রাজারহাটের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করেছিল বিধাননগর উত্তর থানার পুলিশ। প্রায় ১ কোটি টাকারও বেশি তোলাবাজির অভিযোগ উঠেছিল প্রাক্তন এই বিধায়কের বিরুদ্ধে। বর্তমানে তিনি জামিনে মুক্ত। এবার সেই দুর্নীতির মামলার সূত্র ধরে সোমবার সকাল থেকে কলকাতার বিভিন্ন প্রান্তে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি (ED)। আর এই তল্লাশিতে যে তথ্য ও নগদ অর্থ সামনে এসেছে, তাতে শোরগোল পড়ে গিয়েছে।
লেকটাউন-বালিগঞ্জসহ ১২ জায়গায় তল্লাশি, ১ কোটি ২০ লক্ষ বাজেয়াপ্ত
সূত্রের খবর, সব্যসাচী দত্ত গ্রেফতার হওয়ার পর তাঁর বিরুদ্ধে তোলাবাজি ও আর্থিক তছরুপের মামলা রুজু হয়। প্রাক্তন বিধায়কের দুর্নীতি মামলার সূত্রেই সোমবার সকাল থেকে কলকাতার বিভিন্ন জায়গায় অভিযান চালায় ইডি। লেকটাউন ও বালিগঞ্জসহ মোট ১২টি ঠিকানায় তল্লাশি চালানো হয় বলে তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে।
লেকটাউনের একটি আবাসনে গৌরব লাখটিয়ার ফ্ল্যাটে তল্লাশি অভিযান চলে। পাশাপাশি বালিগঞ্জে রিয়েল এস্টেট ব্যবসায়ী বিকাশ গুপ্তার ঠিকানাতেও হানা দেয় ইডি। তল্লাশি চলাকালীন নগদ প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় এই সংস্থা।
ব্যবসায়ী মধুসূদন চক্রবর্তীর বিস্ফোরক অভিযোগ
সব্যসাচী দত্তর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির মধ্যে অন্যতম একটি মামলার অভিযোগকারী ব্যবসায়ী মধুসূদন চক্রবর্তী এর আগে বিস্ফোরক দাবি করেছিলেন। তাঁর বক্তব্য ছিল, “সব্যসাচী দত্ত আমাদের বিধাননগরের মেয়র ছিলেন ২০১৮ এবং নিউটাউনের বিধায়ক ছিলেন। সুপ্রিম পাওয়ার বিধাননগরের। আমি ওনাকে সেইভাবে চিনতামও না। আমি একদিন কোনও কারণে, ওনার একটা ফোন পেলাম। সেটা হচ্ছে ২ ফেব্রুয়ারি ২০১৮। ফাস্ট ফোন সাড়ে দশটার সময়।.. আমি তার কথা শুনলাম। শোনার পরে বিদ্যুৎ গাঙ্গুলি বলে একটা লোককে বলল, ২ লক্ষ ৩০ হাজার টাকা দেওয়ার জন্য। তার ত্রিপুরায় একটা কোনও নির্বাচনের কাজ আছে। আমি বললাম দাদা, আমি এটা পারব। আমি দিলাম।”
ওই ব্যবসায়ীর দাবি অনুযায়ী, এর পরেও টাকার চাপ অব্যাহত ছিল। তাঁর কথায়, “তারপর ৬ তারিখ ফোন এল সব্যসাচী দত্তের, আপনাকে ১ কোটি টাকা পেমেন্ট দিতে হবে। আপনি আপনার টাকাটার ব্যবস্থা করুন। আমি বললাম সোনা বেচে কোথা থেকে এত টাকা পাব? আমি সাধারণ ব্যবসায়ী। উনি (সব্যসাচী দত্ত) আমাকে বললেন, কোনও কিছু জানি না। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিছু আপনাকে করতে পারবে না।”
পুরো ঘটনাটির আর্থিক লেনদেনের দিক খতিয়ে দেখছে ইডি।