পরিচয় লুকিয়ে ৭ বছর দিব্যি বসবাস, শেষে বিসর্জনের অশান্তিতেই পর্দাফাঁস! গ্রেফতার ৫ বাংলাদেশি

হিলি সীমান্ত দিয়ে ভারতে ঢুকে সাত বছর ধরে হিন্দু পরিচয়ে বসবাস করছিল এক বাংলাদেশি মুসলিম পরিবার। সরকারি জমি দখল করে পাকা বাড়ি বানিয়ে স্থানীয়দের সঙ্গে দিব্যি মিশে গিয়েছিল তারা। শেষ পর্যন্ত এক অশান্তির জেরে পুলিশের তদন্তে ফাঁস হল এই পাঁচ বাংলাদেশির কীর্তি।

কীভাবে শুরু, কীভাবে পর্দাফাঁস?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর সাতেক আগে হিলি সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢুকে পড়ে ওই পরিবার। নাম ও আসল পরিচয় গোপন রেখে হিন্দু পরিচয়ে ত্রিমোহিনী পাওয়ার হাউজ এলাকায় রাস্তার ধারে সরকারি জমি দখল করে তারা বসবাস শুরু করে। ধীরে ধীরে সেখানে পাকা বাড়িও তৈরি করা হয় বলে অভিযোগ।

স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই পরিবারটি এলাকাবাসীর সঙ্গে এমনভাবে মিশে গিয়েছিল যে কেউই কোনও সন্দেহ করেনি। এমনকি হিন্দুদের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানেও তাদের নিয়মিত যোগ দিতে দেখা যেত। ফলে আসল পরিচয় জানাজানি হতেই হতবাক হয়ে গিয়েছেন প্রতিবেশীরা।

বিসর্জনের হাতাহাতি থেকে গ্রেফতার

সূত্রের খবর, গত ১৩ নভেম্বর সকালে কালী প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে সুমন সরকার ও আকাশ দাস নামের দুই যুবকের মধ্যে হাতাহাতি শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত ও খোঁজখবর শুরু করে পুলিশ। তখনই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য— আকাশ দাস এবং তার পরিবারের বাকি চার সদস্য আসলে বাংলাদেশি।

এর পরেই পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ এবং বর্তমানে তাঁদের হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *