রাজনীতি ছাড়বেন নাকি দলবদল? ভোটের ৬ মাস পর ব্রাত্য বসুর মন্তব্যে তৃণমূলে অস্বস্তি তুঙ্গে

ব্রাত্য বসু কি আর রাজনীতি করবেন না? নাকি দল বদল করবেন বা শিবির পাল্টাবেন? ভোটের ফল প্রকাশের প্রায় ছ’মাস পর মুখ খুলে ব্রাত্য বসু যেসব মন্তব্য করছেন, তাতে শাসক শিবিরের অস্বস্তি বেড়েছে বৈ কমেনি। তাঁর সাম্প্রতিক মন্তব্য ও অবস্থান ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। এর মধ্যেই তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে এবং থানায় জিরো এফআইআর (Zero FIR) দায়ের হয়েছে। এই আবহে ব্রাত্য বসুর আগামী দিনের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
‘মমতা ব্যানার্জির সঙ্গে থাকবেন না’— প্রত্যয় ঋতব্রতর
ব্রাত্য বসুর সঙ্গে নিজের যোগাযোগ ও তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “একথা অস্বীকার করার কোনও সুযোগ নেই যে, তৃণমূলে থাকাকালীন আমাকে যদি মানিক বন্দ্যোপাধ্যায় নিয়ে আলোচনা করতে হতো, আমাকে যদি বরিস পাস্তারনাক নিয়ে আলোচনা করতে হতো, আমাকে যদি সিলভিয়া প্লাত নিয়ে আলোচনা করতে হতো, আমাকে যদি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নোবেলে নমিনেশন নিয়ে আলোচনা করতে হতো, তো স্বাভাবিকভাবে ব্রাত্য বসু ছাড়া অন্য কোনও অপশন ছিল না। হ্যাঁ আমি ব্রাত্য বসুর বাড়িও গেছি। আমি নির্বাচনের ফলাফল বেরনোর মাস দুয়েকের মাথায় সম্ভবত ব্রাত্যদার বাড়িতে গেছিলাম। ব্রাত্যদার সঙ্গে আমার কথা হয়। কালকেও অন্তত বার তিনেক কথা হয়েছে।”
নিজের দৃঢ় বিশ্বাসের কথা জানিয়ে তিনি আরও বলেন, “তবে আমি এটা বিশ্বাস করি যে, ব্রাত্যদা রাজনীতি করুন আর নাই করুন, ব্রাত্যদা ডক্টর মমতা ব্যানার্জির সঙ্গে থাকবেন না। এটা আমার প্রত্যয়। আর রাজনীতি সম্ভাবনার শিল্প, কাল কী হবে, দেখুন না…”
বিজেপিতে যোগাযোগের দাবি ও সুকান্তর কটাক্ষ
অন্যদিকে, ব্রাত্য বসুকে নিয়ে ভিন্ন দাবি করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর বক্তব্য, “আমার কাছে খবর আছে যে ব্রাত্য বাবু বিজেপির কিছু নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। এতদিন যোগাযোগ করেননি, যবে এই অভিযোগটা এসেছে, তারপরে উনি যোগাযোগ করছেন। এই যৌন হেনস্থার যে অভিযোগ তারপরে… অর্থাৎ ডাল মে কুছ কালা হ্যায়। অথবা ডালই কালা পুরোটা। দুটোর মধ্যে কোনও একটা।”
বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা উড়িয়ে দিয়ে সুকান্ত মজুমদার কটাক্ষের সুরে বলেন, “তবে যতই গান করুন না কেন আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, বড় ফুলের মন্দিরে আপাতত কোনও জায়গা নেই।”