‘গোমাতা কাটতে দেব না, ধরতে পারলে ভুগবে!’ গোকুল মিশন চালু করে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর, পাল্টা তোপ বিকাশের

গোমাতা হত্যা হলেই কড়া ব্যবস্থা নেবে রাজ্য সরকার— সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি গোশালা উন্নয়ন এবং গোমাতার সেবার জন্য বছরে ১ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা মিলবে বলেও ঘোষণা করেছেন তিনি।
গোকুল মিশন ও কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, পশ্চিমবঙ্গে প্রাণীসম্পদ বিকাশ দফতরের তরফে ‘গোকুল মিশন’ চালু করা হয়েছে। এই মিশন ও গোশালাগুলির জন্য বছরে ১ লক্ষ টাকা করে সহযোগিতা দেওয়া হবে। পাশাপাশি দুগ্ধপ্রদানকারী গরু কেনার প্রকল্প এবং বয়স্ক গরুদের রক্ষণাবেক্ষণের উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানান তিনি।
কড়া ভাষায় শুভেন্দু বলেন, “পরিষ্কার কথা শুনে রাখুন গোমাতা কাটতে দেব না। আইন দেখছি। বিলও আনব। এই রাজ্যে গোমাতাকে কাটতে দেব না। এখানে এসব চলবে না। গোমাতার উপর হাত ওঠাতে দেব না। আমরা যথেষ্ট কড়া ব্যবস্থা নেব। এখন তো আইনও আছে। ১৯৫০-এর ক্যাটল অ্যাক্ট। হাইকোর্টের রায়ও আছে। ১৯৫০-এর ক্যাটল অ্যাক্ট অনুযায়ী যা আছে তাই যাবে। কসাইখানা আর গোমাতার উপর হাত তোলা, দুটো এক জিনিস নয়। কসাইখানায় যেসব প্রাণীর ক্ষেত্রে অনুমতি রয়েছে, সেখানে করতে পারেন। লুকিয়ে কেউ করছে… তাহলে আমরাও কড়া ব্যবস্থা নিচ্ছি। ধরতে পারলে ভুগবে। খড়গপুরে করেছিলাম। এখনও জেলে রয়েছে হাওড়ার বাঁকড়ার কয়েকজন। বারুইপুরেও সব কিছু খোলা ছিল। পুলিশ দ্রুত তদন্ত করে বন্ধ করে দিয়েছে।”
পুরনো গরু পাচারে নতুন তদন্তের দাবি
এই মন্তব্যের প্রেক্ষিতে গণতান্ত্রিক তৃণমূলের নেতা আখরুজ্জামান জানান, তিনি দেশ ও রাজ্যের মানুষের দৃষ্টি আকর্ষণ করবেন এবং আগামীকাল মুখ্যমন্ত্রীকে লিখিতভাবে অনুরোধ জানাবেন। তাঁর বক্তব্য, “২০১৩, ২০১৪, ২০১৫, ২০১৬, ২০১৭— মুর্শিদাবাদসহ পশ্চিমবঙ্গের যে এলাকা দিয়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশের বাইরে গরু পাচার হয়েছে, গরু পাচারের মাস্টারমাইন্ড কে ছিল, নতুনভাবে তদন্ত করে দেখা হোক এবং গরু পাচারকারীর থেকে কে কত সুবিধা নিয়েছে সেটা তদন্ত সাপেক্ষে আসা দরকার রয়েছে।”
বিভাজনের অভিযোগ সিপিএমের
অন্যদিকে, মুখ্যমন্ত্রীর অবস্থানকে তীব্র কটাক্ষ করেছেন সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাঁর অভিযোগ, “আরএসএস-এর যাঁরা একনিষ্ঠ কর্মী, এই যোগী আদিত্যনাথ, শুভেন্দুবাবু, এঁরা সবসময়েই চেষ্টা করেন প্রতিষ্ঠিত করতে, সেটা হচ্ছে হিন্দু মৌলবাদী চিন্তা। এই হিন্দু মৌলবাদী চিন্তা প্রতিষ্ঠিত করাটা প্রকৃতপক্ষে ভারতবর্ষকে বিভাজনের বীজ বপনের একটা পরিকল্পনা।”
বিকাশরঞ্জন আরও বলেন, “ওঁরা মানুষে মানুষে ঐক্য চান না। মানুষের পারস্পরিক ধর্ম বিশ্বাসকে সম্মান করেন না। তাই যদি করতেন, তাহলে মুখ্যমন্ত্রী খোল করতাল নিয়ে মন্দিরে গিয়ে যেমন নাচছেন, তেমন আজান দিতেন, শুক্রবার গির্জায় গিয়ে প্রার্থনা করতেন। কিন্তু সেসব তো ওঁদের বোধে নেই। ওঁদের বোধে হচ্ছে বিভাজন করো। এরকম বিভাজন পশ্চিমবঙ্গের এর আগে কখনই দেখা যায়নি, যেটা শুভেন্দুবাবু আনার চেষ্টা করছেন, কারণ ওনার গুরু হচ্ছেন যোগী আদিত্যনাথ এবং নাগপুরের ভাগবত।”