গুন্ডামি আর চলবে না!’ অস্ত্র উদ্ধারে বিস্ফোরক পিয়ালী দাস, সন্দেশখালিতে ফের অস্ত্রের ছায়া কেন?

সন্দেশখালিতে ফের বেআইনি অস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলে পরিচিত খুলনা অঞ্চলের ‘মমতা তৃণমূলে’র সভাপতি সত্যজ্যোতি সান্যালের বাড়ি থেকে চারটি আগ্নেয়াস্ত্র এবং ১৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে সন্দেশখালি থানার পুলিশ। জমি দখল, পুকুর ভরাট এবং জব কার্ড সংক্রান্ত অনিয়মের অভিযোগে এর আগেই সত্যজ্যোতিকে গ্রেফতার করা হয়েছিল।
গোপন সূত্রে তল্লাশি ও গ্রেফতার
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল খুলনা এলাকায় সত্যজ্যোতির বাড়িতে তল্লাশি অভিযান চালায়। তল্লাশি চলাকালীন ওই বাড়ি থেকে চারটি আগ্নেয়াস্ত্র এবং ১৫ রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করা হয়। উদ্ধার হওয়া অস্ত্র কোথা থেকে আনা হয়েছিল এবং এর নেপথ্যে কোনও বড় চক্র সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
সন্দেশখালি থানার পক্ষ থেকে জানানো হয়েছে, বেআইনি অস্ত্র রাখার অভিযোগে ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনের নির্দিষ্ট ধারায় নতুন মামলা রুজু করা হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অন্য কোথাও অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে কি না, তা জানতে তল্লাশি ও নজরদারি জারি রয়েছে।
বিজেপির তোপ ও সন্দেশখালির অতীত
এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেত্রী পিয়ালী দাস। তাঁর বক্তব্য, “সত্যজ্যোতি সান্যাল শাহজাহানের অনুগামী ও ক্যাডার বাহিনীর সদস্য ছিলেন। সন্দেশখালি থানার পুলিশের তৎপরতায় তার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়েছে।”
পিয়ালী দাসের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই আগ্নেয়াস্ত্র দিয়ে সন্দেশখালিতে বিশেষত মহিলাদের ভয় দেখিয়ে নির্যাতন চালানো হয়েছে এবং জমি লুঠ করা হয়েছে। তিনি বলেন, “রাজ্যে আইনের শাসন চলছে। এই গুন্ডামি আর চলবে না। যারা এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে, তারা সাবধান। সন্দেশখালির মা-বোনেরা আর আগ্নেয়াস্ত্রের ভয় পান না।”
উল্লেখ্য, সন্দেশখালিতে বেআইনি অস্ত্র উদ্ধারের ঘটনা এই প্রথম নয়। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে জমি দখল ও মহিলাদের ওপর নির্যাতনের অভিযোগ ঘিরে সন্দেশখালিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। এর পরে শিবপ্রসাদ হাজরা ও উত্তম সর্দারসহ শেখ শাহজাহান গ্রেফতার হন। ২০২৪ সালের এপ্রিলে শাহজাহান ঘনিষ্ঠের বাড়িতে তল্লাশি চালিয়ে বিদেশি ও দেশি রিভলভার, পিস্তল এবং বিপুল সংখ্যক কার্তুজ উদ্ধার করেছিল সিবিআই (CBI)। পাশাপাশি ২০২৬ সালের জুনেও সন্দেশখালি ও সংলগ্ন এলাকায় একাধিক তল্লাশিতে পুকুর থেকে অস্ত্রভাণ্ডার উদ্ধার ও শাহজাহান ঘনিষ্ঠদের গ্রেফতারের ঘটনা সামনে আসে।