রেখা পাত্রর শরীরে কীটনাশক, আত্মহত্যার চেষ্টা না খাবারে বিষ? তুঙ্গে জল্পনা

বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছেন হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্র। পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি সংকটমুক্ত হলেও তাঁর শারীরিক অবস্থা এখনও গুরুতর। শনিবার রাত থেকেই জীবনের সঙ্গে লড়াই করছেন তিনি। চিকিৎসকদের প্রাথমিক রিপোর্টে তাঁর শরীরে বিষাক্ত কীটনাশকের উপস্থিতি ধরা পড়েছে। কিন্তু এই কীটনাশক কীভাবে তাঁর শরীরে প্রবেশ করল, তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। ইতিমধ্যে ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ।

মেডিক্যাল লিগাল রিপোর্টে চিকিৎসকেরা জানিয়েছেন, রেখা পাত্রর শরীরে কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক পাওয়া গিয়েছে, যার জেরেই তিনি অসুস্থ হয়েছেন। অর্গানোফসফরাস জাতীয় ক্ষতিকর কীটনাশক তাঁর শরীরে গিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। শনিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর থেকেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর অবস্থার সামান্য উন্নতি হলেও এটি আত্মহত্যার চেষ্টা নাকি খাবারে বিষক্রিয়া, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

পরিবারের একটি সূত্র দাবি করেছে, রেখা নিজেই কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারেন। ওই সূত্রের বক্তব্য, খাবারে বিষক্রিয়া হলে পরিবারের অন্য সদস্যরাও অসুস্থ হতেন। কিন্তু শনিবার রাতের পর থেকে পরিবারের আর কেউ অসুস্থ হননি। অন্যদিকে, তদন্তকারীদের মতে, শনিবার সারাদিন প্রশাসনিক ও দলীয় কর্মসূচিতে ব্যস্ত ছিলেন রেখা। তিনি একাধিক অনুষ্ঠানে অংশ নেন এবং দুলদুলি এলাকায় বাঁধ মেরামতির কাজও পরিদর্শন করেন। রাত ৯টা নাগাদ বাড়ি ফিরে রাতের খাবার খাওয়ার পরই তিনি অসুস্থ হয়ে পড়েন, জ্ঞান হারান এবং মুখ দিয়ে লালা বেরোতে শুরু করে। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে স্থানান্তর করা হয় বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে।

ঘটনার নেপথ্যের কারণ খুঁজতে জোরকদমে তদন্ত চালাচ্ছেন তদন্তকারীরা। পরিবারের একটি সূত্রের দাবি, রেখা দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। যদিও পরিবারের বাকি সদস্যরা এ বিষয়ে সরাসরি কিছু বলেননি। পারিবারিক কোনো অশান্তি ছিল কি না, তা নিয়েও স্পষ্ট কোনো তথ্য মেলেনি। এরই মধ্যে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি পরিবারের সদস্যদের সঙ্গে রেখার বিবাদ চলছিল।

রবিবার হাসপাতালে রেখাকে দেখতে যান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তিনি জানান, খাবারে বিষক্রিয়ার কোনো প্রমাণ এখনও মেলেনি এবং খাবারের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ঘটনার কয়েকদিন আগে এক সভায় রেখা বলেছিলেন, বেশি দূর পড়াশোনা করতে না পারায় দলের একাংশের নেতৃত্বের কাছে তিনি যথাযথ সম্মান পান না। দলের ভেতরে বিবাদ এবং হিঙ্গলগঞ্জে ভাড়া বাড়ি নিয়ে বিরোধের প্রসঙ্গও সামনে এসেছে।

সোমবার সকালে হাসপাতাল সূত্রে খবর, রেখার অবস্থার অবনতি না হলেও তিনি এখনও পুরোপুরি বিপদমুক্ত নন। তাঁর শরীরে পটাসিয়ামের মাত্রা বেশি থাকায় প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে, তবে রক্তচাপ, ক্রিয়েটিনিন ও ইউরিয়া নিয়ন্ত্রণে রয়েছে। সিটি স্ক্যান রিপোর্টে দেখা গিয়েছে, বিষক্রিয়ার ফলে মুখে অতিরিক্ত লালা জমে তা ফুসফুসে ঢুকে অক্সিজেন সরবরাহে বাধা সৃষ্টি করেছিল। পুরো ঘটনার সত্যতা জানতে তদন্ত রিপোর্টের দিকে তাকিয়ে সবাই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *