মমতার নিরাপত্তায় বড় গাফিলতির অভিযোগ! জেড প্লাস সুরক্ষা নিয়ে বিস্ফোরক দোলা সেন

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। মমতার কালীঘাটের বাসভবনের সামনে দাঁড়িয়ে প্রশাসনের বিরুদ্ধে সরাসরি গাফিলতির অভিযোগ তুলেছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ দোলা সেন। তাঁর দাবি, খাতায়-কলমে জেড প্লাস নিরাপত্তা থাকলেও বাস্তবে চরম অসুরক্ষিত অবস্থায় রয়েছেন তৃণমূল নেত্রী।
গত ১৭ জুন হকারদের মিছিলের পর থেকেই তাঁর বাসভবন ও ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের সরিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন দোলা। যদিও এই অভিযোগ নিয়ে প্রশাসনের তরফে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে দোলা সেন জানিয়েছেন, সাতবারের সাংসদ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং তিনবারের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণসংশয়ের ইতিহাস সবার জানা। অতীতেও বহুবার তিনি আক্রান্ত হয়েছেন। তা সত্ত্বেও তাঁর নিরাপত্তার বিষয়ে বর্তমান সরকার বিন্দুমাত্র সংবেদনশীল নয় বলে দাবি করেছেন তিনি। দোলার কথায়, মুখে বলা হচ্ছে জেড প্লাস, কিন্তু এটাই কি জেড প্লাস। তাঁর কোনো হাউসগার্ড নেই, পিএসও নেই, কিছুই নেই। নিরাপত্তা নিয়ে ছেলেখেলা চলছে।
দোলা সেনের অভিযোগ, ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের যে বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন, সেটি কলকাতা পুলিশের কালীঘাট থানার অধীনে পড়ে। অথচ সেখানে কলকাতা পুলিশের কোনো হাউসগার্ড নেই। দলের তরফে এবং পরিবারের উদ্যোগে বেসরকারি নিরাপত্তারক্ষী রেখে বাড়ির গেট সামলানো হচ্ছে। সাম্প্রতিক সময়ে রাজ্য পুলিশের জনা পাঁচ-ছয় কর্মী থাকলেও তাঁদের হাতে কার্যত কোনো ক্ষমতা নেই। দোলার প্রশ্ন, কলকাতা পুলিশের এলাকায় রাজ্য পুলিশের পাঁচ-ছয়জনকে পাঠিয়ে যদি জেড প্লাস বলে দাবি করা হয়, তবে তার মূল্য কী। তিনি যখন বেরোন, আগে-পিছে কোনো পাইলট কারও থাকে না।
সাম্প্রতিক কয়েকটি ঘটনার উদাহরণ তুলে ধরে সাংসদ দাবি করেছেন, পাড়ার একটি পুজোর উদ্বোধনে গিয়েও চরম নিরাপত্তাহীনতার মুখে পড়তে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভিড়ের মধ্যে এক মহিলা তাঁর পায়ের কাছে শুয়ে পড়েন, যাঁর হাতে ছুরি ছিল বলে দাবি দোলার। এমনকি ২১ জুলাই এবং ২৮ অগস্টের মতো বড় জনসভার প্যান্ডেলেও পুলিশ কুকুর বা বম্ব স্কোয়াড দিয়ে কোনো তল্লাশি চালানো হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। দোলার কথায়, রাত বারোটার পর মমতার বাড়ির সামনে বাইক বাহিনী তাণ্ডব চালায় এবং স্লোগান দেয়। তাঁদের নেত্রীর শয়নকক্ষ রাস্তার একেবারে পাশে, যা অত্যন্ত অসুরক্ষিত। দলের একজন কর্মী হিসেবে তাঁরা ভীষণ চিন্তিত।
প্রশাসনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে দোলা সেন জানিয়েছেন, গত ছয় মাস ধরে রাজ্যে নৈরাজ্য চলছে। বহু কর্মী ঘরছাড়া, নানা জায়গায় অত্যাচার চলছে। সেই পরিস্থিতিতে খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশাসনের এই উদাসীনতা মেনে নেওয়া যায় না। তিনি বলেছেন, প্রশাসন যদি জেড প্লাস দিয়েছি বলে নিশ্চিন্তে থাকেন, তবে চিন্তার মাত্রা এবার ছাড়িয়ে যাচ্ছে। সমাধানের কোনো পথ না দেখেই আজ জনসমক্ষে বিষয়টি জানাতে বাধ্য হয়েছেন বলে দাবি করেছেন তিনি। এই বিষয়ে সংবিধান, আইন ব্যবস্থা এবং সাধারণ মানুষের কাছে বিচার চেয়েছেন দোলা সেন।