সাড়ে ছয় মাসে ২,৩০৬টি বাল্যবিবাহ বন্ধ! শীর্ষে কোন জেলা? প্রকাশ্যে বড় পরিসংখ্যান

বাল্যবিবাহ রুখতে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সেই বার্তার পরই জেলায় জেলায় বেড়েছে প্রশাসনিক তৎপরতা। কোথাও বিয়ের প্রস্তুতি চলাকালীন, আবার কোথাও বিয়ের আগেই খবর পেয়ে হস্তক্ষেপ করছে প্রশাসন। গত সাড়ে ছয় মাসে রাজ্যের ২২টি জেলায় আটকানো হয়েছে মোট ২,৩০৬টি বাল্যবিবাহ। ২০২৬ সালের মে মাস থেকে ২৫ নভেম্বর পর্যন্ত জেলা ভিত্তিক পরিসংখ্যানে উঠে এসেছে এমনই তথ্য।

বাল্যবিবাহ আটকানোর নিরিখে রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ। দ্বিতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা এবং তৃতীয় স্থানে বীরভূম। পরিসংখ্যান বলছে, এই সময়ের মধ্যে মুর্শিদাবাদে ৪৮০টি, দক্ষিণ ২৪ পরগনায় ৩৫৯টি, বীরভূমে ১৭৪টি, নদিয়ায় ১৬৯টি এবং উত্তর ২৪ পরগনায় ১২৬টি বাল্যবিবাহ আটকানো হয়েছে।

এছাড়াও পূর্ব মেদিনীপুরে ১২২টি, জলপাইগুড়িতে ১১৪টি, পূর্ব বর্ধমানে ১০৪টি, দক্ষিণ দিনাজপুরে ১০১টি, মালদা ও বাঁকুড়ায় ৮৮টি করে, কোচবিহারে ৭৯টি এবং উত্তর দিনাজপুরে ৭৫টি বাল্যবিবাহ আটকানো হয়েছে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরে ৫১টি, ঝাড়গ্রামে ৪৬টি, আলিপুরদুয়ারে ৩৮টি, পুরুলিয়ায় ২৪টি, পশ্চিম বর্ধমানে ২০টি, হুগলিতে ১৮টি, হাওড়ায় ১৫টি, দার্জিলঙে ১৩টি এবং কালিম্পঙে ২টি বাল্যবিবাহ আটকানো হয়েছে।

তাৎপর্যপূর্ণ বিষয় হলো, শুধুমাত্র মুর্শিদাবাদ ও দক্ষিণ ২৪ পরগনা মিলিয়েই আটকানো হয়েছে ৮৩৯টি বাল্যবিবাহ, যা রাজ্যের মোট সংখ্যার প্রায় ৩৬.৪ শতাংশ। অন্যদিকে, তালিকার প্রথম পাঁচটি জেলায় মিলিয়ে আটকানো হয়েছে ১,৩০৮টি বাল্যবিবাহ, যা মোট সংখ্যার প্রায় ৫৭ শতাংশ।

কীভাবে আটকানো হচ্ছে বাল্যবিবাহ? প্রশাসনিক সূত্রে খবর, কোথাও ব্লক অফিসে, কোথাও পঞ্চায়েত অফিসে খবর দিচ্ছেন সাধারণ মানুষ। আবার সরাসরি ফোন করে পুলিশকে জানানো হচ্ছে বাল্যবিবাহের কথা। বিভিন্ন সূত্র মারফতও পুলিশের কাছে পৌঁছচ্ছে খবর। সেই তথ্যের ভিত্তিতেই কোথাও ব্লক প্রশাসন, আবার কোথাও পুলিশ পদক্ষেপ করে বিয়ে বন্ধ করছে।

আইন অনুযায়ী, মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর এবং ছেলেদের ২১ বছর। তা সত্ত্বেও রাজ্যের বিভিন্ন প্রান্তে বাল্যবিবাহের প্রবণতা রয়েছে। এই পরিস্থিতিতে বাল্যবিবাহ রুখতে প্রশাসনকে সক্রিয় হওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সাড়ে ছয় মাসে দুই হাজারের বেশি বাল্যবিবাহ আটকানোর পরিসংখ্যান একদিকে যেমন প্রশাসনিক তৎপরতার ছবি তুলে ধরছে, অন্যদিকে তেমনই সামাজিক সচেতনতা আরও বাড়ানোর প্রয়োজনীয়তাও স্পষ্ট করছে। সাধারণ মানুষের সহযোগিতাও যে বাল্যবিবাহ রুখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা এই পরিসংখ্যানে উঠে আসছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *