ভিনগ্রহের মতো দেখতে এই পরজীবী মাছের মুখে ঢুকে কী করে? জানলে অবাক হবেন

সমুদ্রের গভীর জলে কত যে অবাক করা কাণ্ড ঘটে, তা ভাবলে রীতিমতো অবাক হতে হয়। তেমনই এক অদ্ভুত প্রাণীর নাম সাইমোথোয়া এক্সিগুয়া (Cymothoa exigua)। এর আচরণ শুনলে যে কেউ চমকে উঠবেন। এই প্রাণীটি মাছের মুখের ভেতর ঢুকে পড়ে। তারপর মাছের আসল জিভ খেয়ে ফেলে এবং নিজেই সেই মাছের জিভ হয়ে বসে থাকে। তবে সাঁতারুদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। যাঁরা সাগরে বা নদীতে সাঁতার কাটেন, তাঁদের কোনও বিপদ নেই। এই পরজীবী শুধুমাত্র মাছদেরই নিশানা করে।
সাধারণ মানুষের কাছে এটি জিহ্বাখেকো লাউস নামেই পরিচিত। লম্বায় খুব বেশি নয়, মাত্র ০.৩ থেকে ১.১ ইঞ্চি। তবে এর চেহারা দেখলে মনে হবে যেন ভিনগ্রহ থেকে এসেছে। পুরো শরীর শক্ত খোলসে ঢাকা। আর রয়েছে সাত জোড়া শক্তপোক্ত পা। কোনও কিছুকে শক্ত করে আঁকড়ে ধরতে এবং ছিঁড়ে ফেলতে এই পাগুলো দারুণ কাজ করে। পূর্ব প্রশান্ত মহাসাগরের উষ্ণ জলে এদের বেশি দেখা যায়। বিশেষ করে ক্যালিফোর্নিয়া থেকে ইকুয়েডরের উপকূলে এদের বসবাস।
কীভাবে মাছের মুখ দখল করে এই পরজীবী?
জীবনের শুরুতে এরা স্বাধীনভাবে সাগরের জলে সাঁতার কেটে বেড়ায়। এই অবস্থাকে বলা হয় মানকা। তখন এদের একটাই লক্ষ্য থাকে, এমন একটি মাছ খুঁজে বের করা, যার মুখে সারা জীবন নিরাপদে থাকা যাবে। স্নাইপার, গ্র্যান্ট আর ড্রামস প্রজাতির মাছ এদের সবচেয়ে পছন্দের। পছন্দমতো মাছ পেলেই তার ফুলকার আশেপাশে ঘুরতে থাকে। সুযোগ বুঝেই ফুলকার পথ দিয়ে সোজা মাছের মুখে ঢুকে পড়ে।
মুখে ঢোকার পরই শুরু হয় আসল প্রক্রিয়া। মাছ বিপদ বুঝে ছোটাছুটি করলেও শেষ রক্ষা হয় না। সাত জোড়া শক্ত পা দিয়ে পরজীবীটি মাছের জিভ চেপে ধরে। এরপর জিভের রক্ত চলাচলের নালিগুলো কেটে দেয়। রক্ত সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় কিছুদিনের মধ্যেই মাছের আসল জিভ শুকিয়ে খসে পড়ে। তখন জিভের অবশিষ্ট অংশের সঙ্গে নিজেকে জুড়ে নেয় এই পরজীবী। আর এভাবেই হয়ে ওঠে মাছের নতুন জিভ। মাছও সেই নতুন জিভকে রক্ত ও লালা জোগাতে থাকে। আর তা থেকেই পুষ্টি নিয়ে দিব্যি বেঁচে থাকে এই প্রাণী। অবাক করা বিষয় হল, বেশিরভাগ মাছ এই কৃত্রিম জিভের সঙ্গে মানিয়ে নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারে।
কী বলছেন বিজ্ঞানীরা?
প্রকৃতির এই অদ্ভুত কৌশল নিয়ে বিজ্ঞানীদের কৌতূহল বরাবরই তুঙ্গে। ২০১২ সালে লিনিয়ান সোসাইটির বায়োলজিক্যাল জার্নালে এই প্রাণীকে নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়। বিজ্ঞানীদের মতে, এদের প্রজনন ও জীবনচক্র সম্পর্কে আরও অনেক কিছু জানার বাকি রয়েছে। সারা বিশ্বে এদের প্রায় ১০০টি প্রজাতি রয়েছে, যেগুলোকে আটটি বর্গে ভাগ করা হয়েছে। এর মধ্যে সাইমোথোয়া এবং সেরাটোথোয়া সবচেয়ে বেশি পরিচিত। তবে সেরাটোথোয়া বেশ ক্ষতিকর, কারণ এরা মাছের শরীর থেকে পুষ্টি শুষে নেয়। ২০০৫ সালে প্রথমবার যুক্তরাজ্যে এই সাইমোথোয়া এক্সিগুয়া পরজীবীর সন্ধান পাওয়া গিয়েছিল।