মুক্ত বাণিজ্য চুক্তির সুবিধা নিতে পিছিয়ে ভারত! রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর যা বললেন তা চমকে দেবে

দেশের মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ-র অধীনে শুল্ক ছাড়ের সুবিধা নিচ্ছে ভারতীয় রফতানির মাত্র ২০ থেকে ৩০ শতাংশ। অন্যদিকে অংশীদার দেশগুলি থেকে ভারতে রফতানির ক্ষেত্রে এই সুবিধা নেওয়ার হার ৬০ থেকে ৭০ শতাংশ। আজ এমন তথ্যই জানিয়েছেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা। তিনি শিল্প প্রতিষ্ঠানগুলিকে তাদের পণ্যের সঙ্গে যুক্ত মুক্ত বাণিজ্য চুক্তিগুলি সম্পর্কে তথ্য জোগাড় করার আহ্বান জানিয়েছেন।
এসএমই ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিটে বক্তব্য রাখতে গিয়ে সঞ্জয় মালহোত্রা বলেন যে, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ বা এমএসএমই-গুলির দেশীয় বাজারের বাইরে প্রসারিত হওয়া উচিত। বিদেশি বাজারে সুযোগ খোঁজা এবং এই চুক্তিগুলির আরও ভালো ব্যবহার করার ওপর জোর দিয়েছেন তিনি। গভর্নরের কথায়, এই সুযোগের পুরোপুরি সদ্ব্যবহার করা হচ্ছে না। শ্রম-নিবিড় এমএসএমই খাত যে বৃহত্তর জনগোষ্ঠীর কাছে বাণিজ্যের সুফল পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, সে কথাও উল্লেখ করেছেন তিনি।
ভারত ইতিমধ্যে ব্রিটেন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং নিউজিল্যান্ডসহ বেশ কয়েকটি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। এ প্রসঙ্গে সঞ্জয় মালহোত্রা বলেন, অভ্যন্তরীণ বাজারের বাইরেও নজর দিতে হবে। ভারতের যোগ্য রফতানিকারকদের মধ্যে মাত্র ২০ থেকে ৩০ শতাংশ কম শুল্কের সুবিধা নিচ্ছেন, যেখানে অংশীদার দেশগুলি থেকে আসা রফতানির ক্ষেত্রে এই হার ৬০ থেকে ৭০ শতাংশ।
বিদেশি বাজারে প্রবেশ করতে হলে এমএসএমই প্রতিষ্ঠানগুলিকে গুণমান, মানদণ্ড এবং সার্টিফিকেশনে বিনিয়োগ করতে হবে বলে জানিয়েছেন তিনি। সঞ্জয় মালহোত্রার মতে, ভারতের ক্রমবর্ধমান মুক্ত বাণিজ্য চুক্তির নেটওয়ার্ক ছোট ও মাঝারি শিল্পকে নতুন বাজারে যাওয়ার পথ খুলছে, কম খরচে ভালো মানের কাঁচামাল দিচ্ছে এবং বৈশ্বিক মূল্য শৃঙ্খলে দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করছে।
রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর জানান, মহামারীর পর থেকে ভারতের ৭.৪ শতাংশের বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এমএসএমই খাতের বড় ভূমিকা রয়েছে। তবে এই খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর কম ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। ভারতে মাত্র প্রায় ১৫ শতাংশ এমএসএমই এআই গ্রহণ করছে, যেখানে চিন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানিতে এর ব্যবহার অনেক বেশি। একটি সাম্প্রতিক সমীক্ষার কথা তুলে ধরে তিনি বলেন, ৭৬ শতাংশ এমএসএমই কোনো না কোনোভাবে এআই ব্যবহার করলেও মাত্র ৫ শতাংশ এটিকে কাজের মূল অংশ করেছে।
তাঁর মতে, একটি অনুমান অনুযায়ী, এআই এমএসএমই খাতের জন্য ৪৯০ থেকে ৬৮৫ বিলিয়ন ডলারের অর্থনৈতিক মূল্য তৈরি করতে পারে। ঋণ খেলাপি বা এনপিএ ঘোষণার ৯০ দিনের সময়সীমা বাড়িয়ে ১৮০ দিন করার শিল্পখাতের দাবি প্রসঙ্গে গভর্নর বলেন, পরিশোধের সময়সীমা বাড়ানোর বিষয়ে ব্যাঙ্কের সঙ্গে কথা বলা যেতে পারে। পরিশোধের সময়সীমা বাড়লে ৯০ দিনের হিসাবও দেরিতে শুরু হবে বলে জানান তিনি। পাশাপাশি ব্যাঙ্ক শাখাগুলিতে উদ্যোক্তাদের সরকারি প্রকল্পের তথ্য দেওয়ার আলাদা ব্যবস্থা তৈরির কথাও বলেছেন সঞ্জয় মালহোত্রা।
ঋণ সংকট প্রসঙ্গে তিনি জানান, সংকট পুরোপুরি না কাটলেও অনেকটা কমেছে। এখন প্রথমবারের ঋণগ্রহীতা, ক্ষুদ্র উদ্যোগ, নারী-নেতৃত্বাধীন ব্যবসা এবং ছোট শহর ও গ্রামীণ এলাকার প্রতিষ্ঠানে নজর দেওয়া দরকার। ব্যবসা বাড়ানো, প্রযুক্তি ও উৎপাদনশীলতায় বিনিয়োগ, বিদেশি বাজার খোঁজা, ব্যবসাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং ট্রেড রিসিভেবলস ডিসকাউন্টিং সিস্টেম বা ট্রেডস ব্যবহারসহ পাঁচটি অগ্রাধিকারের কথা তুলে ধরেছেন তিনি। সরকারি সহায়তাকে সমর্থন হিসেবে দেখা উচিত, বিকল্প হিসেবে নয় বলেও স্পষ্ট করেছেন গভর্নর।