ভারতের বাজারে এল রয়্যাল এনফিল্ড হিমালয়ান ৭৫০! দাম ও ফিচার জেনে চমকে যাবেন বাইকপ্রেমীরা

অ্যাডভেঞ্চার বাইকপ্রেমীদের জন্য বড় খবর। অবশেষে ভারতে লঞ্চ হলো রয়্যাল এনফিল্ডের নতুন হিমালয়ান ৭৫০। ৭৪৩ সিসির শক্তিশালী প্যারালাল-টুইন ইঞ্জিন, ক্রুজ কন্ট্রোল থেকে শুরু করে অত্যাধুনিক রাইডিং প্রযুক্তি—একাধিক আকর্ষণীয় ফিচার রয়েছে এই নতুন বাইকে। গোয়ায় আয়োজিত মোটোভাস ২০২৬ অনুষ্ঠানে বাইকটি বাজারে আনা হয়েছে।
নতুন হিমালয়ান ৭৫০ তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এর মধ্যে কাস্ট হুইল ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৪,৮৯,৪৯০ টাকা। স্পোকড হুইল ভ্যারিয়েন্টের দাম ৫,১৪,৪৯৫ টাকা এবং টপ ফ্ল্যাগশিপ ট্যুরিং প্যাক ভ্যারিয়েন্টের দাম ৬,২৯,০০০ টাকা। প্রথম ভ্যারিয়েন্টে রয়েছে অ্যাজটেক গ্রিন ও টেকটোনিক ব্ল্যাক রং। দ্বিতীয়টিতে রয়েছে ভাইকিং ব্রোঞ্জ ও সাইবেরিয়া হোয়াইট, আর টপ মডেলটি পাওয়া যাবে অ্যান্টার্কটিক সিলভার রঙে।
এই বাইকে রয়েছে ৭৪৩ সিসির এয়ার/অয়েল কুলড প্যারালাল-টুইন ইঞ্জিন, যা ৭,০০০ আরপিএম-এ সর্বোচ্চ ৫৫ বিএইচপি শক্তি এবং ৫,০০০ আরপিএম-এ ৬৩ এনএম টর্ক উৎপন্ন করে। সঙ্গে রয়েছে ৬-স্পিড গিয়ারবক্স। সংস্থার দাবি, মাত্র ৩,৫০০ আরপিএম থেকেই সর্বোচ্চ টর্কের ৯০ শতাংশ পাওয়া যাবে। ফলে লং রাইড ও কঠিন রাস্তায় বাইক চালানোর ক্ষেত্রে বেশ সুবিধা মিলবে।
নতুন বাইকে থাকছে একাধিক আধুনিক প্রযুক্তি। এর মধ্যে রয়েছে ৪ ইঞ্চির গোলাকার টিএফটি ডিসপ্লে, ব্লুটুথ কানেক্টিভিটি ও নেভিগেশন, ক্রুজ কন্ট্রোল, কর্নারিং এবিএস, লিন-সেনসিটিভ ট্র্যাকশন কন্ট্রোল, টিপিএমএস বা টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম এবং ৭ ইঞ্চির এলইডি হেডলাইট। বাইকটিতে রোড, রোড স্পোর্ট, রেইন, ট্রেল এবং কাস্টম—এই পাঁচটি রাইডিং মোড রয়েছে।
দীর্ঘ সফরের কথা মাথায় রেখে বাইকটিতে একাধিক সুবিধা রাখা হয়েছে। সামনে সম্পূর্ণ অ্যাডজাস্টেবল ৪৩ মিমি শোয়া ইউএসডি ফর্ক এবং পিছনে শোয়া মনোশক সাসপেনশন দেওয়া হয়েছে। সিট হাইট ৮১৫ মিমি, গ্রাউন্ড ক্লিয়ারেন্স ২০৫ মিমি এবং ফুয়েল ট্যাঙ্ক প্রায় ১৭.৮ লিটারের। সামনে ১৯ ইঞ্চি ও পিছনে ১৭ ইঞ্চির চাকা রয়েছে। টপ ভ্যারিয়েন্টে থাকছে জিআইভিআই-এর তৈরি ট্যুরিং লাগেজ, টপ বক্স, প্যানিয়ার্স, হিটেড গ্রিপস ও হ্যান্ড গার্ড।
২৮ ও ২৯ নভেম্বর গোয়ার মোটোভাস অনুষ্ঠানে উপস্থিত গ্রাহকদের জন্য আগাম বুকিং শুরু হচ্ছে। ১ ডিসেম্বর ২০২৬ থেকে সারা দেশে বুকিং শুরু হবে, যদিও ডেলিভারির নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি। বাজারে বিএমডব্লিউ এফ ৪৫০ জিএস, হোন্ডা এনএক্স৫০০ এবং কাওয়াসাকি ভার্সিস ৬৫০-এর মতো অ্যাডভেঞ্চার ট্যুরারের সঙ্গে প্রতিযোগিতা করবে নতুন হিমালয়ান ৭৫০।