শত্রুর জ্যামিংও হবে ব্যর্থ! লেজার রশ্মিতে চলবে আদানির নতুন ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র

রাজস্থানের পোখরান ফায়ারিং রেঞ্জে নিজেদের ট্যাংক-বিধ্বংসী গাইডেড মিসাইল সিস্টেম ‘বাঘিরা এটি১’ সফলভাবে প্রদর্শন করল আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস। গত ২০ নভেম্বর আয়োজিত এই পরীক্ষায় উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনী, সামরিক বিষয়ক বিভাগ (ডিএমএ) এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ আধিকারিকরা। দিন ও রাত—উভয় সময়েই নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার পাশাপাশি দূরপাল্লার আকাশীয় লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সক্ষমতাও এই প্রদর্শনীতে তুলে ধরা হয়।
এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সবচেয়ে বড় শক্তি হলো এর ৮ কিলোমিটার পর্যন্ত ট্যাংক-বিধ্বংসী পাল্লা। সংস্থার দাবি অনুযায়ী, প্রযুক্তিগতভাবে এটি ১০ কিলোমিটার পর্যন্ত নিয়ন্ত্রিত আঘাত হানতে সক্ষম। এতে রয়েছে লেজার বিম-রাইডিং গাইডেন্স সিস্টেম, যার ফলে রেডিও সিগন্যালের বদলে লেজার রশ্মি অনুসরণ করে লক্ষ্যে পৌঁছায় মিসাইল। এর বড় সুবিধা হলো, শত্রুপক্ষের ইলেকট্রনিক জ্যামিং ব্যবস্থার মাধ্যমে এটিকে বিভ্রান্ত বা প্রতিহত করা অনেক কঠিন হয়ে পড়ে।
একই লক্ষ্যবস্তুতে পরপর দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ার বিশেষ ক্ষমতাও রয়েছে ‘বাঘিরা এটি১’-এ। প্রথম মিসাইলটি শত্রু ট্যাংকের সক্রিয় সুরক্ষা ব্যবস্থা বা অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম (এপিএস)-কে অকেজো করতে এবং দ্বিতীয়টি ট্যাংকের মূল প্রতিরক্ষা ভেদ করে সেটিকে ধ্বংস করার কাজে ব্যবহার করা যায়।
সম্পূর্ণ এই ব্যবস্থাটি আদানি ডিফেন্সের তৈরি একটি ৪×৪ উচ্চ গতিশীল সাঁজোয়া যানে বসানো হয়েছে। গাড়িটিতে মোট ১২টি ক্ষেপণাস্ত্র বহনের ব্যবস্থা রয়েছে, যার মধ্যে স্বয়ংক্রিয় লঞ্চারে ৪টি ক্ষেপণাস্ত্র যেকোনো সময় ছোড়ার জন্য প্রস্তুত থাকে এবং বাকি ৮টি ক্ষেপণাস্ত্র যানবাহনে মজুত রাখা যায়।