চেন্নাইয়ে তারার হাট! অনিরুদ্ধ রবিচন্দর ও কাব্যা মারানের বিয়ের রিসেপশনে হাজির মুখ্যমন্ত্রী বিজয়

সুরকার অনিরুদ্ধ রবিচন্দর এবং সানরাইজার্স হায়দরাবাদের সিইও কাব্যা মারানের বিয়ের গ্র্যান্ড রিসেপশন অনুষ্ঠিত হলো চেন্নাইয়ে। শনিবার অর্থাৎ ২১ নভেম্বর আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে রাজনীতি, বিনোদন এবং ক্রিকেট জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তি নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হন। অনুষ্ঠানে মা শোভা চন্দ্রশেখরকে সঙ্গে নিয়ে হাজির হন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়। নবদম্পতির সঙ্গে তাঁর তোলা ছবি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
অনিরুদ্ধ ও কাব্যার এই বিশেষ দিনে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন সোনিয়া গান্ধীও। নবদম্পতিকে অভিনন্দন জানিয়ে চিঠি লিখেছেন তিনি। চেন্নাইয়ের গিন্ডিতে অবস্থিত আইটিসি গ্র্যান্ড চোলায় আয়োজিত রিসেপশন অনুষ্ঠানে বিজয়ের উপস্থিতি অনুরাগীদের মধ্যে বিশেষ উন্মাদনা তৈরি করেছে।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী বিজয়ের অভিনীত একাধিক জনপ্রিয় ছবিতে সুর দিয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর। ‘কত্থি’, ‘মাস্টার’, ‘বিস্ট’ এবং ‘লিও’-র মতো সিনেমায় তাঁদের একসঙ্গে কাজ করার নজির রয়েছে। এমনকি বিজয়ের শেষ ছবি ‘জন নায়কন’-এর সংগীত পরিচালকও ছিলেন অনিরুদ্ধ। অন্যদিকে, সান পিকচার্সের ব্যানারে তৈরি ‘সরকার’ এবং ‘বিস্ট’-এর মতো ছবিতেও কাজ করেছেন বিজয়। ফলে অনিরুদ্ধ ও কাব্যার রিসেপশনে বিজয়ের উপস্থিতি দুই মহলের ঘনিষ্ঠ সম্পর্কের দিকটিই আরও স্পষ্ট করেছে।