‘পলিটিক্যাল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ’! ডিলিমিটেশন বিল ঘিরে সাংসদ কেনাবেচার বিস্ফোরক দাবি রাউতের

সীমানা পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল পাস করাতে সাংসদদের মাথাপিছু ১৫০ কোটি টাকা করে প্রস্তাব দেওয়া হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ তুললেন শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) সাংসদ সঞ্জয় রাউত। তাঁর দাবি, বিলটি পাস করানোর মতো পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা কেন্দ্রের হাতে না থাকায় সমর্থন জোগাড় করতে বিপুল অর্থের প্রস্তাব দেওয়া হচ্ছে। যদিও নিজের এই দাবির স্বপক্ষে কোনও প্রমাণ বা নির্দিষ্ট কোনও সাংসদের নাম প্রকাশ করেননি তিনি।

শুক্রবার ছত্রপতি সম্ভাজীনগরে সাংবাদিক বৈঠকে সঞ্জয় রাউত জানান, মহারাষ্ট্রের শীর্ষ নেতাদের এই দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর দাবি অনুযায়ী, প্রথমে সাংসদদের জন্য ১০০ কোটি টাকার প্রস্তাব রাখা হলেও মাত্র দু’দিনের মধ্যেই সেই অঙ্ক বাড়িয়ে ১৫০ কোটি টাকা করা হয়েছে। রাউতের মন্তব্য, “অনেক সাংসদের কাছেই প্রস্তাব যাচ্ছে। ডিলিমিটেশন বিলে সমর্থন পেতে ১৫০ কোটি টাকা দেওয়া হচ্ছে। দু’দিন আগেও অঙ্কটা ছিল ১০০ কোটি। মহারাষ্ট্রের সাংসদরা বিলটিকে সমর্থন করলে এই অঙ্কটা মনে রাখবেন।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘনঘন মুম্বই সফরের প্রসঙ্গ টেনেও প্রশ্ন তুলেছেন রাউত। তাঁর অভিযোগ, মুম্বইকে কেন্দ্র করেই বড় পরিকল্পনা চলছে এবং এখান থেকেই সাংসদদের অ্যাকাউন্টে টাকা পৌঁছনোর বন্দোবস্ত হতে পারে। রাউত বলেন, “অমিত শাহ বারবার মুম্বই আসছেন। এত ঘনঘন কেন আসছেন? কী লেনদেন চলছে?”

রাজনৈতিক দল ভাঙানো থেকে শুরু করে সংসদে বিল পাস—সব ক্ষেত্রেই অর্থের লেনদেন চলছে বলে তোপ দেগেছেন তিনি। সঞ্জয়ের কথায়, পাঁচ বছর আগে যেখানে বিধায়ক ৫০ কোটি এবং সাংসদ ৭৫ কোটি টাকায় কেনা হয়েছিল, সেখানে এখন ১৫০ কোটি টাকা অঙ্ক রাখা হচ্ছে। এই পুরো বিষয়টিকে তিনি ‘পলিটিক্যাল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ’ বলে কটাক্ষ করেন। পাশাপাশি তাঁর দাবি, দল ছেড়ে একনাথ শিন্ডের শিবিরে যাওয়া ছ’জন সাংসদকেও প্রত্যেকে ৮০ কোটি টাকা করে দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, ডিলিমিটেশন বা সীমানা পুনর্বিন্যাস বিল ও ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ সংক্রান্ত প্রস্তাব ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে। বিরোধীদের আশঙ্কা, এর ফলে উত্তর ও দক্ষিণ ভারতের রাজ্যগুলির মধ্যে আসন সংখ্যা ও রাজনৈতিক ভারসাম্যে বড় বদল আসতে পারে। বিশেষজ্ঞদের একাংশের মতে, জনসংখ্যা নিয়ন্ত্রণে অগ্রণী দক্ষিণের রাজ্যগুলির তুলনায় হিন্দিবলয়ে আসন বাড়লে কেন্দ্রে শাসক দলের রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী হতে পারে। এর আগে লোকসভায় বিলটি উত্থাপিত হলেও সংখ্যাগরিষ্ঠ সমর্থন পায়নি বলে খবর, ফলে নতুন করে বিল আনার জল্পনা ও বিশেষ অধিবেশনের সম্ভাবনা ঘিরে সরগরম জাতীয় রাজনীতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *