১৫০ গ্রাম ওজনেই মহাচমক, চার দিনেই মণিপুর থেকে সোমালিয়ায় পৌঁছল ‘আলাং’

মাত্র ১০১ ঘণ্টায়, অর্থাৎ প্রায় চার দিন পাঁচ ঘণ্টায় ৫ হাজার ৭০০ কিলোমিটার পথ উড়ে ভারতের মণিপুর থেকে আফ্রিকার সোমালিয়ায় পৌঁছে গেল ‘আলাং’ নামের একটি আমুর বাজপাখি। পথের মাঝে খাবার খাওয়া বা বিশ্রামের জন্য এক মুহূর্তও না থেমে সোজা আফ্রিকার উপকূলে পৌঁছেছে সে। দীর্ঘতম দূরত্ব অতিক্রমকারী পরিযায়ী পাখিদের সহনশীলতা ও শারীরিক ক্ষমতার আরও এক নজির গড়ল এই পাখি। গতিবিধি পর্যবেক্ষণকারী আধিকারিকদের প্রকাশিত স্যাটেলাইট ট্র্যাকিং তথ্যে এই তথ্য সামনে এসেছে।
আলাংয়ের সঙ্গী ‘আপাপাং’ নামের একটি পূর্ণবয়স্ক পুরুষ আমুর বাজপাখিও সেই পথেই এগোচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, আপাপাং ইতিমধ্যেই ৯৫ ঘণ্টায় ৪ হাজার ১০০ কিলোমিটার দূরত্ব পেরিয়েছে এবং আরব সাগরের ওপর দিয়ে উড়ছে। দীর্ঘ ও বিপজ্জনক এই যাত্রা শুরুর আগে মণিপুরের তামেংলং জেলার একটি আশ্রয়স্থলে প্রায় ২৫ দিন কাটিয়েছিল পাখি দুটি। সেখানে পর্যাপ্ত খাবার খেয়ে ও বিশ্রাম নিয়ে নিজেদের শরীরকে এই কঠিন যাত্রার জন্য প্রস্তুত করেছিল তারা।
মাত্র ১৫০ গ্রাম ওজনের এই ছোট্ট শিকারি পাখিগুলি প্রাণীজগতের অন্যতম দীর্ঘ পরিযায়ী যাত্রা সম্পন্ন করে। প্রতি বছর পূর্ব রাশিয়া, উত্তর-পূর্ব চিন ও মঙ্গোলিয়ার প্রজনন ক্ষেত্র থেকে রওনা হয়ে দক্ষিণ ও পূর্ব আফ্রিকার শীতকালীন আবাসে যায় আমুর বাজপাখিরা। যাত্রাপথে উত্তর-পূর্ব ভারতের মণিপুর ও নাগাল্যান্ডে বিশাল ঝাঁকে বিশ্রাম নেয় তারা। প্রচুর পোকামাকড় খেয়ে শরীরে প্রয়োজনীয় চর্বি জমিয়ে নেয়, যা পরবর্তী দীর্ঘ উড়ানের শক্তি জোগায়।
এদের যাত্রার সবচেয়ে কঠিন ধাপ হল আরব সাগর পার হওয়া। বিশাল এই সমুদ্রের ওপর দিয়ে হাজার হাজার কিলোমিটার ওড়ার সময় বিশ্রাম বা খাবারের জন্য কোনো স্থলভাগের দেখা মেলে না। আলাং সেই কঠিন পথ পেরিয়ে সোমালিয়ায় পৌঁছেছে এবং সঙ্গী আপাপাংও সেই একই পথ ধরে এগোচ্ছে।
মণিপুর আমুর ফ্যালকন ট্র্যাকিং প্রজেক্টের আওতায় ২০২৫ সালের নভেম্বর মাসে ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার বিজ্ঞানীরা পাখি দুটির শরীরে হালকা ওজনের স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়েছিলেন। এই যন্ত্রের মাধ্যমেই গবেষকরা পাখিগুলির গতিবিধি, যাত্রাপথ ও বিরতিহীন উড়ানের সময়কাল পর্যবেক্ষণ করছেন। তামিলনাড়ুর ইডিআইআই-এর অতিরিক্ত মুখ্য সচিব সুপ্রিয়া সাহু পাখি দুটির যাত্রার সর্বশেষ তথ্য সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন।