টানাপোড়েনের মাঝে ভারতে পাক মন্ত্রী: তাজমহল দর্শনের অনুমতি মিললেও আটকে গেল কোন সফর?

ভারত-পাকিস্তান কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই ভারতের মাটিতে পা রেখেছেন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী মুসাদ্দিক মালিক। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO)-এর সাংস্কৃতিক সম্মেলনে অংশ নিতে ভারতে এসেছেন জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সমন্বয় বিষয়ক এই পাক মন্ত্রী। তাঁর সফর ঘিরে ইতিমধ্যেই কূটনৈতিক ও রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

সফর চলাকালীন ঐতিহাসিক তাজমহল ঘুরে দেখার আবেদনে সম্মতি জানিয়েছে কেন্দ্রীয় সরকার। ফলে আগ্রায় বিশ্বের অন্যতম আশ্চর্য তাজমহল দর্শনের সুযোগ পাচ্ছেন মুসাদ্দিক মালিক। তবে রাজধানী দিল্লির নিজামুদ্দিন দরগা পরিদর্শনের ইচ্ছা প্রকাশ করলেও সেই অনুমতি তাঁকে দেওয়া হয়নি। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিরাপত্তা এবং যাতায়াত সংক্রান্ত কিছু বাস্তব সমস্যার কথা মাথায় রেখেই কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছে।

সূত্রের খবর, ভারত সফরের আগে বা চলাকালীন তাজমহল এবং নিজামুদ্দিন দরগা—এই দুই স্থানেই যাওয়ার অনুমতি চেয়েছিল সংশ্লিষ্ট মহল। কিন্তু সব দিক খতিয়ে দেখে শুধু আগ্রার তাজমহল সফরেই সবুজ সংকেত দিয়েছে নয়াদিল্লি। নিজামুদ্দিন দরগায় যাওয়ার অনুমতি না মেলায় দিল্লির ওই ধর্মীয় স্থানে তাঁর সফর আপাতত হচ্ছে না।

উল্লেখ্য, ২০ থেকে ২২ নভেম্বর পর্যন্ত দিল্লির ঐতিহাসিক পুরানা কিল্লায় বসছে প্রথম সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) সিভিলাইজেশনাল ডায়ালগ ফোরাম। এই আন্তর্জাতিক মঞ্চে যোগ দিতেই ভারতে এসেছেন মুসাদ্দিক মালিক। বিভিন্ন দেশের মধ্যে সভ্যতা, সংস্কৃতি এবং জনসংযোগ জোরদার করার লক্ষ্যে আয়োজিত এই সম্মেলনে আয়োজক দেশ হিসেবে ভারত SCO সদস্য রাষ্ট্রগুলিকে আমন্ত্রণ জানায়, যার মধ্যে পাকিস্তানও ছিল।

কূটনৈতিক মহলের মতে, এই সফরের তাৎপর্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। ২০২৩ সালে গোয়ায় অনুষ্ঠিত SCO বৈঠকে তৎকালীন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির যোগ দেওয়ার পর এই প্রথম পাকিস্তানের কোনও কেন্দ্রীয় মন্ত্রী ভারত সফরে এলেন। তা ছাড়া ২০২৫ সালের মে মাসে পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’ এবং দুই দেশের মধ্যে নতুন করে তৈরি হওয়া উত্তেজনার আবহে কোনও পাকিস্তানি নেতার এটিই প্রথম ভারত সফর। ফলে মুসাদ্দিক মালিকের এই সফর এবং তাঁর সফরসূচি নিয়ে বাড়তি নজর রাখছে কূটনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *