পাকিস্তানের সঙ্গে তুলনা টেনে রাহুলের বিস্ফোরক মন্তব্য! পাল্টা আক্রমণে গর্জে উঠল বিজেপি

আমেরিকায় গিয়ে ভারতকে ‘সাইড প্লেয়ার’ বললেন রাহুল, পাল্টা আক্রমণে বিজেপি, পাশে সিপিএম

আমেরিকায় গিয়ে ভারতকে ‘সাইড প্লেয়ার’ বলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তারপর থেকেই তাঁকে তীব্র আক্রমণ করেছে বিজেপি। যদিও রাহুলের এই মন্তব্যকে সমর্থন জানিয়েছে বিরোধী দলগুলি। সাম্প্রতিক আমেরিকা সফরে গিয়ে মোদী সরকারের বিদেশ নীতির সমালোচনা করে ভারতকে আন্তর্জাতিক রাজনীতির ‘সাইড প্লেয়ার’ বলে অভিহিত করেন রাহুল। তাঁর এই মন্তব্যের পর থেকেই রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক ও তরজা শুরু হয়েছে।

বিজেপি নেতা প্রদীপ ভান্ডারি, দর্শন সিং চৌধুরী এবং মহেশ টেঙ্গিনকাই বিদেশে গিয়ে দেশের বিরুদ্ধে মন্তব্য করার অভিযোগ তুলে রাহুলের বিরুদ্ধে সরব হয়েছেন। অন্যদিকে, সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক এম.এ. বেবি রাহুলের বক্তব্যকে সমর্থন জানিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন।

রাহুল গান্ধীর বক্তব্য

গত বুধবার শিকাগো বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী দাবি করেন যে, বিশ্ব রাজনীতিতে ভারতের আরও জোরালো ও সক্রিয় ভূমিকা পালন করা উচিত। তাঁর বক্তব্য, পাকিস্তান যখন আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতা করছে, তখন ভারত ‘সাইড প্লেয়ার’ হয়ে দাঁড়িয়ে আছে।

রাহুল বলেন, আয়তনের দিক থেকে ভারতের স্বভাবতই একটা বড় জায়গা রয়েছে এবং আন্তর্জাতিক বিষয়ে ভারতের আরও সক্রিয় হওয়া উচিত। কিন্তু বাস্তবে ভারত এখন সাইড প্লেয়ার হয়ে গেছে, যেখানে পাকিস্তান আমেরিকা ও ইরানের সঙ্গে আলোচনায় ব্যস্ত।

সমালোচনায় সরব বিজেপি

বিদেশে গিয়ে রাহুলের এই মন্তব্যের পর বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারি অভিযোগ করেন যে, রাহুল গান্ধী বিদেশে গিয়ে ভারতের অর্থনীতি ও গণতন্ত্রকে খাটো করছেন। কংগ্রেস শাসিত তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির প্রসঙ্গ টেনে তিনি রাহুলকে তোপ দাগেন। ভান্ডারির দাবি, রাহুল গান্ধী বিদেশ সফরে গিয়ে ভারতের গণতন্ত্র ও অর্থনীতির বিরুদ্ধে একের পর এক মন্তব্য করছেন এবং দেশবিরোধী শক্তির সঙ্গে বৈঠক করছেন। তাঁর কথায়, কংগ্রেস নেতার এই অ্যাজেন্ডা এখন সবার সামনে স্পষ্ট।

প্রদীপ ভান্ডারি আরও বলেন, রাহুলের দলেরই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি জানিয়েছেন যে ২০৪৭ সালের মধ্যে ভারত ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে এবং বিকশিত ভারত গড়ে উঠবে। এর থেকেই বোঝা যায় কংগ্রেস নেতারাই মানছেন যে ভারতের অর্থনীতি ভেঙে পড়েনি।

বিজেপি সাংসদ দর্শন সিং চৌধুরী বলেন, ভারতের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে রাহুলের কোনো ধারণা নেই। বিদেশে গিয়ে এই ধরনের মন্তব্য করে তিনি দেশের সম্মান নষ্ট করার চেষ্টা করছেন এবং এর ফলে তাঁর নিজেরই আসল রূপ সামনে আসছে বলে দাবি করেন এই বিজেপি সাংসদ।

বিজেপি বিধায়ক মহেশ টেঙ্গিনকাই প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর কথা স্মরণ করিয়ে দেন। তাঁর বক্তব্য, বিদেশে গেলে ভারতের ঐক্য, ভবিষ্যৎ ও উন্নয়নের ওপর জোর দেওয়া উচিত, কিন্তু বিদেশে গিয়ে ভারতের নামে উল্টোপাল্টা কথা বলার কোনো অর্থ নেই। ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন বিরোধী দলে থেকেও বাজপেয়ীকে দেশের হয়ে কথা বলার জন্য বিদেশে পাঠানো হয়েছিল এবং তিনি সবসময় দেশের স্বার্থেই কথা বলেছিলেন বলে উল্লেখ করেন টেঙ্গিনকাই।

রাহুলের পাশে সিপিআই(এম)

অন্যদিকে, সিপিআই(এম) নেতা এম.এ. বেবি রাহুলের মন্তব্যকে সমর্থন করে বলেন, একসময় জোট নিরপেক্ষ আন্দোলনে ভারত নেতৃত্ব দিত, কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। বেবির কথায়, আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের দুর্বল উপস্থিতির কথা বলে রাহুল গান্ধী একদম ঠিক বলেছেন।

তিনি আরও অভিযোগ করেন, এখন মনে হচ্ছে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের আজ্ঞাবহ হয়ে চলছেন এবং রাহুল গান্ধী সেটাই বলতে চেয়েছেন। বিরোধী দলনেতার এই পর্যবেক্ষণ সম্পূর্ণ সঠিক বলে মন্তব্য করেন এম.এ. বেবি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *