লক্ষ লক্ষ টাকার ঘড়ি থেকে নিজে হাতে ভেলপুরি— ‘মাতৃভূমি’র সেটে সলমনের কোন কাণ্ডে অবাক সহকর্মীরা?

শুটিং সেটে ২০ জনকে নিজে হাতে ভেলপুরি খাইয়েছেন সলমন, কলাকুশলীদের দামি ঘড়ি উপহারের চর্চা
বলিউডের ‘ভাইজান’ সলমন খান। পর্দায় তাঁর অ্যাকশন, ব্যক্তিত্ব আর স্টারডম নিয়ে চর্চা চলতেই থাকে, কিন্তু পর্দার বাইরেও যে তাঁর অন্য একটি দিক রয়েছে, তারই ঝলক মিলল আসন্ন ছবি ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর শুটিং সেটে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সলমনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন হীরা সোহাল; অভিনেত্রীর কথায়, সলমন শুধু একজন বড় মাপের তারকা নন, সহকর্মীদের প্রতি তাঁর যত্ন এবং আন্তরিকতাও তাঁকে মুগ্ধ করেছে। শুটিংয়ের ব্যস্ততার মধ্যেও কীভাবে সকলের খেয়াল রাখেন এই অভিনেতা, সেই অভিজ্ঞতার কথাই জানিয়েছেন তিনি।
নিজে হাতে ভেলপুরি বানিয়ে খাওয়ানোর মুহূর্ত
হীরার কথায়, একদিন শুটিংয়ের পর সকলে যখন একসঙ্গে খাওয়াদাওয়ার জন্য বসেছিলেন, তখন নিজেই ভেলপুরি তৈরি করতে শুরু করেন সলমন খান। শুধু বানানোই নয়, প্রায় ২০ জনের হাতে সেই খাবার তুলে দেন তিনি; এমনকি সকলকে খাওয়ানোর পর বারবার তাঁদের কাছে জানতে চাইছিলেন, খাবার কেমন হয়েছে। হীরার কথায়, এত বড় মাপের একজন তারকা নিজে হাতে সকলের জন্য খাবার তৈরি করছেন, বিষয়টি তাঁর কাছে সত্যিই অবিশ্বাস্য বলে মনে হয়েছে।
বিনয়, পেশাদারিত্ব ও দামি ঘড়ি উপহার
সলমনের এই আচরণই নাকি সবচেয়ে বেশি মনে ধরেছে অভিনেত্রীর। হীরার মতে, ইন্ডাস্ট্রিতে সলমনের উষ্ণতা এবং বিনয় সত্যিই বিরল। সলমনের পেশাদারিত্বও মুগ্ধ করেছে হীরাকে; তাঁর কথায়, সলমনের পর্যবেক্ষণ ক্ষমতা অসাধারণ এবং লম্বা সংলাপও খুব সহজে শেষ করে ফেলেন তিনি। কাজের প্রতি তাঁর মনোযোগ এবং সেটে চারপাশের সব কিছু খেয়াল করার ক্ষমতা থেকে অনেক কিছু শেখার রয়েছে বলে জানিয়েছেন হীরা।
পাশাপাশি ছবির সঙ্গে যুক্ত অভিনেতা ও কলাকুশলীদের প্রত্যেককে দামি ঘড়ি উপহার দেওয়ার কথাও জানিয়েছেন হীরা। জানা গিয়েছে, ওই ঘড়িগুলির আনুমানিক দাম ২ লক্ষ থেকে ৬ লক্ষ টাকার মধ্যে।
‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ প্রসঙ্গে
অপূর্ব লাখিয়ার পরিচালনায় তৈরি হচ্ছে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। ছবিতে সলমন খানের পাশাপাশি রয়েছেন চিত্রাঙ্গদা সিং, আর এক সেনাকর্মীর স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন হীরা সোহাল। যুদ্ধের ময়দানের বাইরেও সেনাকর্মীদের জীবন এবং তাঁদের পরিবারের নানা দিক তুলে ধরবে এই ছবি। আগামী ৪ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।