সকাল পৌনে দশটায় খড়গপুরে নামছেন মোদি! পড়ুয়াদের সঙ্গে ‘ভয়েসেস ফর বিকশিত ভারত’, কড়া নিরাপত্তায় ক্যাম্পাস

খড়গপুর আইআইটি-র প্ল্যাটিনাম জয়ন্তীতে শনিবার আসছেন প্রধানমন্ত্রী মোদি, প্রকাশ করবেন স্মারক মুদ্রা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার (২১ নভেম্বর) খড়গপুর আইআইটি-তে আসছেন। দেশের প্রথম এই আইআইটি-র ৭৫ বছর পূর্তি বা প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। আইআইটি-র পড়ুয়াদের সঙ্গে কথা বলার পাশাপাশি একটি বিশেষ স্মারক মুদ্রা বা কয়েনও প্রকাশ করবেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্যপাল আরএন রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়-সহ বিশিষ্ট ব্যক্তিরা।

খড়গপুর আইআইটি সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল পৌনে দশটা নাগাদ ক্যাম্পাসে পৌঁছানোর কথা প্রধানমন্ত্রীর। শুরুতেই তিনি প্রতিষ্ঠানের পড়ুয়াদের সঙ্গে মতবিনিময় করবেন। ৭৫ বছর পূর্তির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ পাবেন ৭৫ জন পড়ুয়া। পড়ুয়াদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই বিশেষ আলোচনার নাম রাখা হয়েছে ‘ভয়েসেস ফর বিকশিত ভারত’।

অনুষ্ঠানসূচি ও স্মারক মুদ্রা প্রকাশ

পড়ুয়াদের সঙ্গে কথোপকথনের পর স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত একটি প্রদর্শনী ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকে তিনি যাবেন খড়গপুর আইআইটি-র নেতাজি অডিটোরিয়ামে আয়োজিত মূল অনুষ্ঠানের মঞ্চে। সেখানে তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। এরপর একে একে বক্তব্য রাখবেন খড়গপুর আইআইটি-র ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তী, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এরপর খড়গপুর আইআইটি-র প্ল্যাটিনাম জয়ন্তী স্মারক মুদ্রা প্রকাশ করবেন প্রধানমন্ত্রী এবং উপস্থিত দর্শকদের উদ্দেশে ভাষণ দেবেন। সূচি অনুযায়ী, বেলা ১১টা নাগাদ খড়গপুর আইআইটি ছেড়ে পরবর্তী গন্তব্যের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।

কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ক্যাম্পাস

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা আইআইটি চত্বর। মূল প্রবেশদ্বার থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চলছে কড়া নজরদারি। মোতায়েন করা হয়েছে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানদের। আইআইটি-র পড়ুয়া ও কর্মী ছাড়া বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তিন রাজ্যে ব্যস্ত সূচি প্রধানমন্ত্রীর

দেশের প্রথম আইআইটি-র প্ল্যাটিনাম জয়ন্তী অনুষ্ঠানে যোগদানের বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি জানান, ২১ নভেম্বর পশ্চিমবঙ্গ, বিহার এবং উত্তরপ্রদেশে আয়োজিত একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। পশ্চিমবঙ্গে আইআইটি খড়গপুরের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপনের পাশাপাশি বিহারের বৈশালীতে ৩৪ হাজার কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এছাড়া উত্তরপ্রদেশের লখনউয়ে দক্ষতা উন্নয়ন সংক্রান্ত কর্মসূচি ‘কৌশল দীক্ষান্ত সমারোহ’-তেও যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *