৪২ বছরেই বার্ধক্য ভাতা ঢুকছে অ্যাকাউন্টে, অন্নপূর্ণার টাকা না পেয়ে বিপাকে কোচবিহারের মহিলা

অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেও সময়মতো টাকা না পাওয়ার অভিযোগ তুলছেন রাজ্যের বহু মহিলা। ভাতার দাবিতে বিভিন্ন জায়গায় বিক্ষোভও চলছে। এমন পরিস্থিতির মধ্যেই কোচবিহার থেকে সামনে এল এক অদ্ভুত ঘটনা। যেখানে অন্নপূর্ণা যোজনার আবেদনকারীর অ্যাকাউন্টে ৪২ বছর বয়সেই ঢুকছে বার্ধক্য ভাতার টাকা।

কোচবিহারের মাথাভাঙা শহরের ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফুলমতি রায় বর্মন। তাঁর বয়স ৪২ বছর। অভিযোগ, ছয় মাস আগে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করলেও নিয়মিত টাকা পাচ্ছেন না তিনি। এরপর মোবাইলে অন্নপূর্ণা যোজনার পোর্টালে গিয়ে স্টেটাস পরীক্ষা করেন ফুলমতি। তখনই তিনি দেখেন, বার্ধক্য ভাতার টাকা পাওয়ার কারণে অন্নপূর্ণা যোজনার তালিকা থেকে তাঁর নাম বাদ পড়েছে।

ফুলমতির কথায়, তিনি গত জুন মাসে অন্নপূর্ণা যোজনার আবেদন করেছিলেন। কিন্তু শুধুমাত্র অক্টোবর মাসেই ওই যোজনার টাকা তাঁর অ্যাকাউন্টে এসেছিল। বাকি মাসগুলোতে আর টাকা ঢোকেনি। পোর্টালে স্টেটাস দেখে তিনি জানতে পারেন, তাঁর নামে বার্ধক্য ভাতা চালু হয়ে যাওয়ার জন্যই অন্নপূর্ণা যোজনার টাকা বন্ধ হয়ে গিয়েছে।

নিয়ম অনুযায়ী, বার্ধক্য ভাতার জন্য আবেদনকারীর বয়স কমপক্ষে ৬০ বছর হতে হয়। তাই ৪২ বছর বয়সে কীভাবে এই ভাতা তাঁর অ্যাকাউউন্টে আসছে, তা নিয়ে ধন্দে পড়ে যান ফুলমতি। এরপর তিনি ও তাঁর স্বামী ট্রেজারি অফিসে যোগাযোগ করেন। সেখান থেকেই তাঁরা জানতে পারেন যে ফুলমতির আধার নম্বর ব্যবহার করে বার্ধক্য ভাতার আবেদন করা হয়েছে।

ঘটনাচক্রে দেখা যায়, যাঁর নামে এই বার্ধক্য ভাতার টাকা ঢুকছে, তাঁর নামও ফুলমতি বর্মন। আধার কার্ড জালিয়াতির অভিযোগ তুলেছেন ফুলমতি রায় বর্মনের স্বামী। ইতিমধ্যেই মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই দম্পতি। কীভাবে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে প্রশাসন। দ্রুত বার্ধক্য ভাতা বন্ধ করে অন্নপূর্ণা যোজনার টাকা ফের চালুর দাবি জানিয়েছেন ফুলমতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *