দিনে মাত্র ১-২টি আবেদন, চিটফান্ড কমিটির ধীরগতি নিয়ে কড়া বার্তা কলকাতা হাইকোর্টের

বছরের পর বছর কেটে গেলেও চিটফান্ড কাণ্ডে সর্বস্ব হারানো বহু আমানতকারী এখনও তাঁদের টাকা ফেরত পাননি। এই দীর্ঘসূত্রিতা নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ও বিচারপতি সুদীপ দেবের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, দায়িত্ব ঠিকমতো সামলাতে না পারলে বিকল্প ব্যবস্থা নেওয়ার কথা ভাবতে পারে আদালত।
শুনানিতে প্রথমেই সংশ্লিষ্ট কমিটির পরিকাঠামো ও কর্মীদের কাজের গতি নিয়ে প্রশ্ন তোলে বেঞ্চ। জানা যায়, কমিটিতে কর্মরত রয়েছেন ৩৪ জন। তাঁদের মধ্যে ১৬ জনের দায়িত্ব তথ্য কম্পিউটারে নথিভুক্ত করা। কর্মীদের মাথাপিছু গড় বেতন এক লক্ষ টাকা ধরলে শুধু বেতন খাতেই মাসে প্রায় ৩৪ লক্ষ টাকা খরচ হয়। এই বিপুল খরচের পরেও আবেদন প্রক্রিয়াকরণের গতি এত ধীর কেন, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন বিচারপতিরা। বিশেষ করে ১৬ জন তথ্যকর্মী সারাদিনে এক বা দু’টির বেশি আবেদন নথিভুক্ত করতে পারছেন না বলে তথ্য সামনে আসতেই ক্ষুব্ধ হন তাঁরা। বেঞ্চের মন্তব্য, ১৬ জন ডেটা অপারেটর মিলে সারা দিনে মাত্র ১টি বা ২টি আবেদনের তথ্য তুলছেন, বাকি সময়টা কি তাঁরা গত ১০ বছর ধরে শুধু বিশ্রাম নিচ্ছেন? যে কর্মী দিনে একটি তথ্যও কম্পিউটারে তুলতে পারেন না, তাঁকে দ্রুত সরিয়ে দেওয়া উচিত বলে মত প্রকাশ করে আদালত।
কমিটির কাজের হিসাব খতিয়ে দেখতে গিয়ে ওয়েবসাইটের তথ্যের সঙ্গে বাস্তব কাজের গরমিলও নজরে আসে ডিভিশন বেঞ্চের। আদালতের বক্তব্য, বর্তমানে ১০৫টি চিটফান্ড সংস্থার আমানতকারীদের টাকা ফেরানোর দায়িত্ব রয়েছে কমিটির ওপর। অথচ তাদের ওয়েবসাইটে এখনও ৮৯টি সংস্থার নাম রয়েছে। শুরুতে যে ৫৩টি সংস্থার দায়িত্ব কমিটি পেয়েছিল, সেগুলোর ক্ষেত্রে কতজন আবেদন করেছেন, কতগুলো নথি জমা পড়েছে এবং কত টাকা ইতিমধ্যে ফেরানো হয়েছে, তার পূর্ণাঙ্গ হিসাবও মেলেনি।
কমিটির তরফে দাবি করা হয়, প্রতিটি কাজের আগে আদালতের নির্দেশের প্রয়োজন হয়। এই যুক্তি মানতে নারাজ ডিভিশন বেঞ্চ। বিচারপতিদের মতে, কমিটির হাতে যথেষ্ট প্রশাসনিক ক্ষমতা রয়েছে। তারপরেও সাধারণ বিষয়ে বারবার আদালতের অনুমতির দোহাই দেওয়া ঠিক নয়। আদালত জানতে চায়, ওয়ান-ম্যান কমিটিকে বিস্তৃত ক্ষমতা দেওয়া হয়েছে, তবু এসএমএস পরিষেবা চালু করা বা অফিস সংস্কারের মতো কাজের জন্যও আদালতের নির্দেশ লাগবে? তা হলে কর্মী ও এই কমিটির প্রয়োজনীয়তা কী? নিজেরা কাজ না করে কেবল বাধার কথা বলা হচ্ছে বলে অসন্তোষ প্রকাশ করে বেঞ্চ।
বাজেয়াপ্ত সম্পত্তি হস্তান্তরের বিষয়টি নিয়েও কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। ইডির বাজেয়াপ্ত করা সম্পত্তি আমানতকারীদের টাকা ফেরানোর কাজে ব্যবহারের জন্য কমিটির হাতে আনার কথা থাকলেও, সেই প্রক্রিয়ায় অগ্রগতি হয়নি বলে অভিযোগ। বিচারপতিদের বক্তব্য, ২০১৬ সালের রায়ে পুরো প্রক্রিয়া স্পষ্ট করে বলা আছে। বিশেষ আদালত থেকে সম্পত্তি হস্তান্তরের আবেদনটুকুও করা হয়নি, যা কমিটির ব্যর্থতা।
এই প্রেক্ষাপটে কাজের পূর্ণাঙ্গ হিসাব জমা দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে হাইকোর্ট। ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, ৫৩টি চিটফান্ড সংস্থার যাবতীয় তথ্য ও নথি একত্র করে আগামী ৮ ডিসেম্বরের মধ্যে আদালতে রিপোর্ট পেশ করতে হবে। উল্লেখ্য, এর আগে রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরানোর দায়িত্বে থাকা অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ শেঠের কমিটির কাজ নিয়েও অসন্তোষ প্রকাশ করেছিল এই ডিভিশন বেঞ্চ। এ বার তালুকদার কমিটির ক্ষেত্রেও একই রকম কড়া মনোভাব নিল আদালত।