PF-র টাকা তুলতে আর এক বছর অপেক্ষা নয়, দুমাসেই মিলবে স্বস্তি! আসছে নতুন নিয়ম

চাকরি জীবনের সঞ্চয়কে অবসরের পর আর্থিক ভরসা হিসেবে দেখেন বেশিরভাগ কর্মী। কিন্তু হঠাৎ বড় অঙ্কের টাকার প্রয়োজন হলে প্রভিডেন্ট ফান্ডের (Provident Fund) জমানো অর্থ হাতে পাওয়ার নিয়ম অনেকের কাছেই জটিল লাগে। এবার সেই জটিলতা কাটাতে এবং কর্মীদের হাতে আরও সহজে সঞ্চয়ের টাকা পৌঁছে দিতে পিএফ তোলার নিয়মে একাধিক পরিবর্তনের সিদ্ধান্ত সামনে এসেছে।

চাকরি চলে গেলে সংসারের খরচ চালানো অনেকের জন্যই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এত দিন বেকার হওয়ার পর পিএফের টাকা তোলার যোগ্যতা পেতে ১২ মাস অপেক্ষা করতে হতো। নতুন নিয়মে সেই অপেক্ষার সময় কমিয়ে দুমাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে চাকরি হারানোর পর দীর্ঘদিন অপেক্ষা না করেই দ্রুত প্রয়োজনীয় টাকা পাওয়ার পথ খুলবে।

আংশিক টাকা তোলার ক্ষেত্রেও বদল আনা হচ্ছে। নতুন ব্যবস্থায় ৫৫ বছরের আগে অবসর নেওয়া বা চাকরি ছাড়া সদস্যরা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে অ্যাকাউন্টে থাকা সঞ্চয়ের ৯০ শতাংশ পর্যন্ত তুলে নিতে পারবেন। আগে এই সীমা ছিল ৭৫ শতাংশ। অবসরের পরের কথা ভেবে বাকি ২৫ শতাংশ অ্যাকাউন্টে রাখা বাধ্যতামূলক ছিল। এবার সেই বাধ্যতামূলক ন্যূনতম ব্যালেন্সের সীমা কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে।

অবসরের পর জমানো টাকা ব্যবহারের ধরনেও নতুন বিকল্প আসছে। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (EPFO) সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ বা সিবিটি সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান (SWP) চালুর প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এই ব্যবস্থায় অবসরপ্রাপ্ত সদস্যরা একসঙ্গে পুরো টাকা তুলে না নিয়ে নির্দিষ্ট সময় অন্তর কিস্তিতে টাকা পাবেন। এর ফলে অবসরের পরেও নিয়মিত হাতে টাকা আসবে এবং অ্যাকাউন্টে থাকা বাকি টাকার ওপর সুদও মিলতে থাকবে।

কোনও সদস্য চাকরিতে থাকাকালীন মারা গেলে তাঁর মনোনীত ব্যক্তি বা নমিনিও এই সুবিধা পাবেন। নমিনি চাইলে অ্যাকাউন্টে পড়ে থাকা পুরো টাকা একসঙ্গে তুলে নিতে পারেন, আবার সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যানের মাধ্যমে নিয়মিত কিস্তিতেও টাকা নিতে পারবেন।

প্রভিডেন্ট ফান্ডের মূল লক্ষ্য অবসর জীবনে আর্থিক নিরাপত্তা দেওয়া। তবে বিপদের দিনে নিজের সঞ্চয়ের টাকা দ্রুত হাতে পাওয়া এবং অবসরের পর তা গুছিয়ে ব্যবহার করার সুযোগ কর্মীদের কাছে সমানভাবে জরুরি। এই নিয়মগুলো চালু হলে চাকরি হারানো কর্মীদের দুশ্চিন্তা যেমন কমবে, তেমনই অবসরপ্রাপ্তরা নিজেদের প্রয়োজন মতো টাকা তোলার পদ্ধতি বেছে নিতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *