১৭ হাজার প্রাণীর চিকিৎসা, শতাধিক জটিল সার্জারি! কলকাতায় বড় সম্মান পেলেন শিলিগুড়ির চিকিৎসক

রাজ্যের প্রাণিস্বাস্থ্য পরিষেবা নিয়ে নানা মহলে যখন প্রশ্ন উঠছে, ঠিক সেই আবহেই এক অনন্য নজির গড়ে গোটা বাংলায় প্রথম স্থান অধিকার করল শিলিগুড়ি মহকুমার মাটিগাড়া ভেটেরিনারি পলিক্লিনিক। জটিল অস্ত্রোপচারে অভাবনীয় সাফল্য এবং উন্নত পরিষেবার জোরেই মিলেছে রাজ্যস্তরের এই বিশেষ স্বীকৃতি।

খাপরাইল মোড় সংলগ্ন ডেয়ারি কারখানা এলাকায় ২০১৭ সালে প্রতিষ্ঠিত এই পশু হাসপাতালটি বর্তমানে পশুপালকদের কাছে ভরসার অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠেছে। প্রাণিসম্পদ দফতরের শিলিগুড়ির আধিকারিক তুফান মাইতি এবং হাসপাতালের চিকিৎসক চন্দন সাহার নিরলস প্রচেষ্টায় বহু মুমূর্ষু গৃহপালিত প্রাণী নতুন জীবন ফিরে পেয়েছে।

পরিসংখ্যান বলছে, ২০২৫-২৬ অর্থবর্ষে এই হাসপাতালে মোট ১৭ হাজার ৪৫৫টি প্রাণীর চিকিৎসা হয়েছে, যা গোটা রাজ্যের মধ্যে সর্বোচ্চ। শুধু চিকিৎসাই নয়, আউটডোর টিকিট ও সরকারি পরিষেবা বাবদ বছরে ১ লক্ষ ৪ হাজার ৫৩০ টাকা আয় করে রাজস্ব আদায়ের তালিকাতেও প্রথম সারিতে জায়গা করে নিয়েছে এই ক্লিনিক। রাজ্যের হাতেগোনা কয়েকটি পশু হাসপাতালে অস্ত্রোপচারের পরিকাঠামো থাকলেও, মাটিগাড়ায় ইতিমধ্যেই শতাধিক জটিল সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে।

এই প্রসঙ্গে প্রাণিসম্পদ দফতরের শিলিগুড়ির আধিকারিক তুফান মাইতি বলেন, “প্রাণী হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে অনেকের মনেই ভুল ধারণা কাজ করে। কিন্তু চিকিৎসকরা যে অত্যন্ত যত্ন নিয়ে প্রাণীদের সুস্থ করে তুলছেন, চিকিৎসক চন্দন সাহা তার জ্বলন্ত উদাহরণ। এই কাজের স্বীকৃতি হিসেবেই গত সোমবার কলকাতায় তাঁকে পুরস্কৃত করা হয়েছে।”

তবে সাফল্যের এই আলোর নিচেই লুকিয়ে রয়েছে তীব্র কর্মী সংকটের অন্ধকার। যে হাসপাতাল রাজ্যের সেরা নির্বাচিত হয়েছে, সেখানে চিকিৎসক মাত্র একজন এবং সহায়ক কর্মীও একজন। গোটা শিলিগুড়ি মহকুমার আটটি প্রাণী হাসপাতালের ছবিটাও প্রায় একই রকম। নিয়ম অনুযায়ী মহকুমায় ১৬ জন চিকিৎসক থাকার কথা থাকলেও কর্মরত রয়েছেন মাত্র ৬ জন। পাশাপাশি, ৮০ জন কর্মীর জায়গায় কাজ করছেন অর্ধেকেরও কম। লোকবলের অভাবে একজন চিকিৎসক বা কর্মীকে একাধিক হাসপাতালের দায়িত্ব সামলাতে হচ্ছে। ফলে পালা করে হাসপাতাল খোলা রাখায় চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ পশুপালকরা।

হাসপাতালের এই সাফল্য ও পরিকাঠামোগত সমস্যার বিষয়ে রাজ্যের অর্থ ও পরিবহণ দফতরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন জানান, “পশু চিকিৎসায় এই বড় সাফল্য আগামী দিনে চিকিৎসকদের আরও উৎসাহিত করবে। হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের বিষয়ে আমি অবশ্যই দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলব।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *