ওষুধের ঘাটতি নিয়ে মুখ খোলায় শো-কজ, আর তা থেকেই রণক্ষেত্র মেডিক্যাল কলেজ! নবান্নের নিশানায় কারা?

কলকাতা মেডিক্যাল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভের মধ্যে বহিরাগতদের হামলার অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। বুধবারের সেই তাণ্ডবের ঘটনার পর এবার অত্যন্ত কড়া অবস্থান নিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডঃ শারদ্বত মুখোপাধ্যায়। তাঁর স্পষ্ট দাবি, একটি শো-কজের ঘটনাকে কেন্দ্র করে মুষ্টিমেয় ‘মাওবাদী ও নকশালপন্থী’ এই তাণ্ডব চালিয়েছেন। রাজ্য সরকার এই ঘটনার তীব্র নিন্দা করছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
‘সাসপেন্ড বা ইন্টার্নশিপ বাতিল করা যেতে পারে’ স্বাস্থ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, কলকাতা মেডিক্যাল কলেজের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে এ ধরনের বিশৃঙ্খলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। প্রাথমিক তদন্তে ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে তাণ্ডব চালানোর অভিযোগ উঠে এসেছে। মন্ত্রীর কথায়, “এক শতাংশেরও কম এই ঘটনায় জড়িত। কলেজের কাছে ঘটনার সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ রয়েছে।”
তিনি আরও জানান, ন্যাশনাল মেডিক্যাল কমিশন (NMC)-এর নির্দেশিকা মেনেই ওই ইন্টার্নদের শো-কজ করা হয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্তকে কেন্দ্র করে কলেজে ভাঙচুর ও তাণ্ডব চালানো হয়েছে। এমন ঘটনায় জড়িতদের সাময়িক সাসপেন্ড করা বা ইন্টার্নশিপ বাতিল করার মতো কড়া পদক্ষেপও নেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
অধ্যক্ষ ও অধ্যাপকদের হেনস্থা এবং মারধরের অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর অভিযোগ, বিক্ষোভ চলাকালীন কলেজের অধ্যক্ষ, এমএসভিপি, অধ্যাপক এবং বিভাগীয় প্রধানদের উদ্দেশে অশালীন ভাষা প্রয়োগ করা হয়েছে। এমনকী শারীরিক নিগ্রহের ঘটনাও ঘটেছে। দু’জন অধ্যাপক তথা চিকিৎসককে মারধর করা হয়েছে এবং তাঁদের ইনজুরি সার্টিফিকেটও রয়েছে বলে দাবি করেছেন মন্ত্রী। সিসিটিভি ফুটেজেও সেই সমস্ত দৃশ্য ধরা পড়েছে। পাশাপাশি, নিজেদের অরাজনৈতিক বলে দাবি করা কিছু সংগঠনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। পিডিএসএফ এবং ডিএসও-র পতাকা দেখিয়ে মন্ত্রীর দাবি, ওই সংগঠনগুলির সদস্যরাও ঘটনায় জড়িত ছিলেন। বহিরাগতদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে।
তিন সদস্যের তদন্ত কমিটি গঠন ও পুলিশি পদক্ষেপ গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন দিবাকর হালদার, সুমন্ত্র দে এবং দীপঙ্কর হালদার। এই কমিটির সুপারিশের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। প্রয়োজনে তদন্তে কলকাতা পুলিশ এবং ডিসি সেন্ট্রালের সাহায্য নেওয়া হবে। ইতিমধ্যেই ঘটনার প্রেক্ষিতে বউবাজার থানায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু হয়েছে। মন্ত্রীর কথায়, “এই সরকার কঠোর মনোভাব নেবে। আইনের শাসন মেনেই ব্যবস্থা নেওয়া হবে।”
কীভাবে সূত্রপাত এই অশান্তির? উল্লেখ্য, চোরবাগানে পদপিষ্টের ঘটনার পর কলকাতা মেডিক্যাল কলেজের আট জন ইন্টার্ন চিকিৎসক হাসপাতালের জরুরি বিভাগে ট্র্যানেক্সামিক অ্যাসিড-সহ একাধিক জীবনদায়ী ওষুধের ঘাটতি নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছিলেন। সেই অভিযোগ জানানোর পরই তাঁদের শো-কজ নোটিস ধরানো হয়। যদিও পরবর্তীতে কলেজ কাউন্সিলের বৈঠকে ইন্টার্নদের তোলা ওষুধের ঘাটতির অভিযোগই সঠিক বলে উঠে আসে।
শো-কজ নোটিস প্রত্যাহারের দাবিতে বুধবার অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন চিকিৎসক-পড়ুয়ারা। অভিযোগ, সেই বিক্ষোভের মাঝেই বহিরাগতদের একাংশ ইট ও বাঁশ নিয়ে হামলা চালায় এবং হাসপাতালের কাচ ভাঙচুর করে। পরিস্থিতি বেগতিক দেখে অধ্যক্ষের ঘরে আশ্রয় নেন ইন্টার্নরা। পুলিশের সামনেই প্রায় এক ঘণ্টা ধরে এই তাণ্ডব চলে বলে অভিযোগ। বৃহস্পতিবারও ঘটনার প্রতিবাদে হাসপাতাল চত্বরে জমায়েত করেন পড়ুয়ারা।