জীবনের শেষ দুই মাসে এঁকেছিলেন যে ছবি, নিলামে তারই দাম উঠল ১,৭৭৬ কোটি! জেনে নিন নেপথ্যের গল্প

বিশ্ব শিল্পকলার ইতিহাসে তৈরি হল নতুন নজির। রেকর্ড দামে নিলামে বিক্রি হল কিংবদন্তি চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গখের আঁকা একটি ছবি। আমেরিকার নিউ ইয়র্কে প্রখ্যাত নিলাম সংস্থা সদবি’স (Sotheby’s)-এর নিলামে ছবিটির দাম উঠেছে ১৯০.৪ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ১ হাজার ৭৭৬ কোটি টাকা। এর আগে ভ্যান গখের কোনো শিল্পকর্ম এত চড়া দামে বিক্রি হয়নি।

বিক্রি হওয়া এই বিখ্যাত চিত্রকর্মটির নাম ‘শাতেনিয়ে অঁ ফ্লোর’ বা ‘চেস্টনাট ট্রিজ ইন ব্লসম’ (Chestnut Trees in Blossom)। জানা গিয়েছে, অর্ধ শতকেরও বেশি সময় ধরে ছবিটির মালিকানা ছিল ব্লাকিয়ের-অরিয়েতা পরিবারের হাতে। তবে এর ইতিহাস আরও পুরোনো। ১৯০৯ সালে প্যারিস থেকে ছবিটি সংগ্রহ করেছিলেন জার্মান ইহুদি প্রকাশক স্যামুয়েল ফিশার। পরবর্তীতে ১৯৩৬ সালে জার্মানিতে নাৎজি শাসনের সময় ছবিটি হাতবদল হয় এবং ফিশারের পরিবার সেটি বিক্রি করে দেয়।

মালিকানা হস্তান্তরের সেই ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে আইনি ও ব্যক্তিগত বিবাদ চলছিল। ফিশার পরিবারের দাবি ছিল, নাৎজিদের চরম অত্যাচার ও সঙ্কটের মুখে পড়ে তারা ছবিটি বিক্রি করতে বাধ্য হয়েছিল। অন্যদিকে, ব্লাকিয়ের-অরিয়েতা পরিবার ছবির ওপর নিজেদের বৈধ মালিকানা দাবি করছিল। এই টানাপোড়েনের জেরে নিলাম নিয়েও একসময় চরম বিরোধ দেখা দেয়। অবশেষে সদবি’স জানিয়েছে, নাৎজি নিধনযজ্ঞে ফিশার পরিবারের দুর্দশার কথা অনুধাবন করে ব্লাকিয়ের-অরিয়েতা পরিবার সমঝোতায় রাজি হয়। দুই পক্ষের বিবাদ মিটতেই ছবিটি নিলামে তোলা হয় এবং তা সর্বকালের রেকর্ড ভেঙে দেয়।

শিল্প ইতিহাসবিদ ও সদবি’স সূত্রে জানা গিয়েছে, প্যারিসের উপকণ্ঠে ওভের-সুর-ওয়জে থাকাকালীন এই ছবিটি এঁকেছিলেন ভ্যান গখ। সাঁ-রেমি-দা-প্রোভঁস থেকে ভাই থিও-র সান্নিধ্য পেতে এবং নিজের মানসিক স্বাস্থ্যের চিকিৎসার জন্য তিনি সেখানে এসেছিলেন। ভাইয়ের আর্থিক অনটন এবং নিজের অসুস্থতা মিলিয়ে চরম কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন শিল্পী। তবুও সেই অবস্থায় গ্রামজীবনের স্নিগ্ধতা ও সৌন্দর্য তাঁকে মুগ্ধ করেছিল, যা তিনি ফুটিয়ে তুলেছিলেন ক্যানভাসে। এটি ভ্যান গখের জীবনের শেষ দুই মাসের সৃজনশীল সময়কালের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন।

উল্লেখ্য, ভ্যান গখের সবচেয়ে দামি চিত্রকর্মের আগের রেকর্ডটি ছিল ১৮৮৮ সালে আঁকা ‘অর্চার্ড উইথ সাইপ্রেসেস’ (Orchard with Cypresses)-এর দখলে। ২০২২ সালে নিউ ইয়র্কে ক্রিস্টি’স (Christie’s)-এর নিলামে সেই ছবিটি ১১৭.২ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল। এবার সেই রেকর্ডও ছাপিয়ে গেল ‘চেস্টনাট ট্রিজ ইন ব্লসম’।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *