টাকি পুরসভার দুর্নীতিতে বড় মোড়! ভোররাতে গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক, ১০ দিনের সিআইডি হেফাজত

টাকি পুরসভার বহুলচর্চিত আর্থিক দুর্নীতির তদন্তে বড়সড় সাফল্য পেল রাজ্য গোয়েন্দা সংস্থা (CID)। বৃহস্পতিবার ভোররাতে অভিযান চালিয়ে পুরসভার প্রাক্তন হেড ক্লার্ক প্রবীর চট্টোপাধ্যায়কে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করেন তদন্তকারী আধিকারিকরা। এদিন ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে ১০ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন।

সরকারি তহবিল তছরূপ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সিআইডি সূত্রে জানা গিয়েছে। তদন্তকারীদের দাবি, পদে থাকাকালীন প্রবীর চট্টোপাধ্যায় বিভিন্ন সময় একাধিক সরকারি প্রকল্পের লক্ষ লক্ষ টাকা বেআইনিভাবে নিজের ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরিয়ে নিয়েছিলেন। এই দুর্নীতি চক্রের মূল মাথা এবং আত্মসাৎ হওয়া সরকারি অর্থের হদিশ পেতেই তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

দীর্ঘদিন ধরেই টাকি পুরসভার একাধিক উন্নয়নমূলক প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগ উঠছিল। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে দুর্নীতির শিকড়ে পৌঁছতে সিআইডি তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশের পর থেকেই তৎপরতা বাড়ান গোয়েন্দারা। গত ২৪ অক্টোবর সিআইডি-র একটি বিশেষ দল টাকি পুরসভার দফতরে অভিযান চালায়। সেদিন প্রায় ১৪ ঘণ্টা ধরে কর্মী ও আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি পুরনো নথিপত্র খতিয়ে দেখা হয় এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়। উল্লেখ্য, এর আগে একই অভিযোগে টাকি পুরসভায় অভিযান চালিয়ে নথি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-ও।

এদিকে, এই গ্রেফতারির পর রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায় ঘটনাটিকে ‘সংগঠিত দুর্নীতি’ বলে আখ্যা দিয়ে প্রশ্ন তুলেছেন, একজন হেড ক্লার্ক কীভাবে এত বড় দায়িত্ব পেলেন এবং একা তাঁর অ্যাকাউন্টে টাকা যাওয়া কীভাবে সম্ভব? কারা তাঁকে মদত দিয়েছে এবং কীভাবে টাকা বণ্টন হয়েছে, তা তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি, শুধুমাত্র একজনকে গ্রেফতার করলেই হবে না, গত ১৫ বছর ধরে যাঁরা টাকি পুরসভার অনিয়মের সঙ্গে জড়িত, সেই মূল চক্রীদেরও সামনে আনার দাবি তুলেছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *