3AC-র আরামে অভ্যস্ত ছেলে বিরক্ত হতেই জেনারেল কামরায় তুললেন বাবা! নেটদুনিয়ায় ভাইরাল অভাবনীয় শিক্ষা

এসি কামরার স্বাচ্ছন্দ্য ছেড়ে সাধারণ মানুষের জীবন সংগ্রামের বাস্তব ছবিটা ছেলেকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন এক বাবা। সোশ্যাল মিডিয়ায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই অভিনব অভিভাবকত্বের ঘটনা।

ঘটনার সূত্রপাত একটি ট্রেন যাত্রাকে কেন্দ্র করে। দীপাবলির সময় তৎকালে টিকিট কাটতে গিয়ে থ্রি-টিয়ার এসি (3AC) কামরার উচ্চতর বার্থ পাননি ওই ব্যক্তি। কিন্তু পরিবারে সাধারণত ফার্স্ট বা সেকেন্ড ক্লাস এসিতে যাতায়াত করায় অভ্যস্ত ছিল তাঁর ছোট্ট ছেলে। ফলে 3AC-এর পরিবেশ তার পছন্দ হয়নি এবং সে ক্রমাগত অস্বস্তি প্রকাশ করতে থাকে। ছেলের এই অভিযোগে বিরক্ত না হয়ে, তাকে জীবনের এক কঠিন ও বাস্তব পাঠ দেওয়ার সিদ্ধান্ত নেন ওই বাবা।

ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, ছেলেকে হাত ধরে সোজা ট্রেনের জেনারেল কামরায় নিয়ে প্রবেশ করছেন তিনি। গাদাগাদি ভিড়, বসার জায়গার অভাব, মেঝেতে শুয়ে থাকা মানুষ আর কামরার প্রবেশপথের চরম অব্যবস্থা নিজের চোখে দেখে ওই খুদে। বিলাসবহুল এসি কামরা আর সাধারণ মানুষের রেলযাত্রার মধ্যে যে আকাশ-পাতাল তফাত, তা বুঝতে বাকি থাকে না তার।

বাবার স্পষ্ট কথা, সব মানুষের জীবন সমান গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকেই সমান সম্মানের যোগ্য। জীবনের যেকোনো পরিস্থিতিতে বিলাসিতার চেয়ে পরিস্থিতিকে মেনে নেওয়া এবং মানিয়ে নেওয়া বেশি জরুরি। তাঁর মতে, সময়ের নিয়মে বা সুযোগের অভাবে অনেকে জীবনে কিছুটা পিছিয়ে পড়তে পারেন, কিন্তু তার মানে এই নয় যে তাঁদের জীবন অন্য কারও চেয়ে কম মূল্যবান।

ছেলেকে আরও একটি গভীর জীবনশিক্ষা দিতে গিয়ে ওই বাবা লিখেছেন, পৃথিবীতে সব সময় কারও না কারও চেয়ে ধনী বা দরিদ্র মানুষ থাকেই। তাই কারও মধ্যে শ্রেষ্ঠত্বের অহংকার বা নিজেকে ছোট ভাবার মানসিকতা থাকা উচিত নয়। ধনী হওয়াই বেশি জ্ঞান বা বুদ্ধিমত্তার মাপকাঠি নয়, বরং মানুষের প্রকৃত সম্মান নির্ভর করে তার মানসিকতা ও আচরণের ওপর।

একটি সাধারণ ট্রেন সফরকে যেভাবে জীবনের সবচেয়ে বড় পাঠশালায় পরিণত করেছেন ওই বাবা, তার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। টাকা থাকলেই মানুষের মর্যাদা বিচার করা যায় না—বাবার এই শিক্ষা এখন ভাইরাল নেটদুনিয়ায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *