বিয়ের চাপ, ফর্ম বাতিল আর এক নম্বরের ধাক্কা! সব বাধা উড়িয়ে এসএসসি সিজিএলে AIR 40 জয়ী জয়পুরের অস্মিতার লড়াই

সাফল্যের পথ সব সময় মসৃণ হয় না। কখনও আসে পারিবারিক চাপ, কখনও একের পর এক ব্যর্থতা, আবার কখনও সামান্য ভুলের কারণে হাতছাড়া হয় কাঙ্ক্ষিত সুযোগ। কিন্তু লক্ষ্যে অবিচল থাকলে প্রতিকূল পরিস্থিতিও স্বপ্নপূরণের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। আর সেটাই প্রমাণ করে দেখিয়েছেন জয়পুরের অস্মিতা কনওয়ার। একাধিক ব্যর্থতা, বিয়ের চাপ এবং চাকরির কঠিন দায়িত্ব সামলেও নিজের স্বপ্ন থেকে একচুলও সরে আসেননি তিনি। শেষ পর্যন্ত এসএসসি সিজিএল (SSC CGL) পরীক্ষায় অল ইন্ডিয়া র্যাঙ্ক ৪০ (AIR 40) অর্জন করে নিজের লক্ষ্যে পৌঁছেছেন অস্মিতা। বর্তমানে তিনি কেন্দ্রীয় সরকারের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার বা ASO পদে কর্মরত।
রাজস্থানের জয়পুরের এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা অস্মিতার। তাঁর বাবা ছোট ব্যবসা করেন এবং মা একজন গৃহবধূ। ছোটবেলা থেকেই অঙ্কে ভালো থাকা অস্মিতা হিন্দি মাধ্যমে পড়াশোনা শেষ করে কমার্স নিয়ে পড়াশোনা করেন। পরিবারে আগে কেউ সরকারি চাকরিতে না থাকায় প্রস্তুতির শুরুতে সঠিক পথপ্রদর্শকের অভাব ছিল। তবুও স্নাতক হওয়ার পর থেকেই সরকারি চাকরির প্রস্তুতি শুরু করেন তিনি। করোনা অতিমারির সময়ে অনলাইন এবং পরবর্তীতে অফলাইন কোচিংয়ের মাধ্যমে দিনে ৯ থেকে ১০ ঘণ্টা পড়াশোনা চালিয়ে যান।
তবে অস্মিতার পথচলা মোটেও সহজ ছিল না। প্রথম বড় ধাক্কা আসে যখন ছবির ভুল নির্বাচনের কারণে তাঁর সিজিএল পরীক্ষার আবেদনপত্র বাতিল হয়ে যায় এবং তিনি পরীক্ষায় বসার সুযোগই পাননি। এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ার পাশাপাশি তাঁর পরিবারে বিয়ের আলোচনাও শুরু হয়। কিন্তু সেই চাপের কাছে হার না মেনে তিনি ফের নতুন করে প্রস্তুতি শুরু করেন। এর মাঝে একটি চাকরি পেলেও সেটি তাঁর কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল না। এরপর একটি কম্পিউটার পরীক্ষায় মাত্র এক নম্বরের জন্য ব্যর্থ হওয়া সহ একাধিক পরীক্ষায় প্রত্যাশিত ফল না মেলায় হতাশা তৈরি হয়েছিল, কিন্তু প্রতিবারই তিনি ঘুরে দাঁড়িয়েছেন।
বিয়ের পর চারপাশ থেকে পড়াশোনা ছেড়ে দেওয়ার পরামর্শ এলেও স্বামীর পূর্ণ সমর্থনে নিজের লড়াই চালিয়ে যান অস্মিতা। প্রতিদিন ভোর ৪টেয় উঠে পড়তে বসার পাশাপাশি অফিসের ব্যস্ততার মধ্যেও মোবাইলে পিডিএফ খুলে প্রশ্ন অনুশীলন করতেন তিনি। এমনকি কাজের ফাঁকে সামান্য সময়টুকুও নষ্ট করতেন না। স্বামীর সহযোগিতায় সংসার সামলে তিনি পড়াশোনাকে অগ্রাধিকার দেন।
অবশেষে ২০২৫ সালের সিজিএল পরীক্ষা তাঁর জীবনের টার্নিং পয়েন্ট হয়ে ওঠে। শেষ চেষ্টায় বাজিমাত করে অল ইন্ডিয়া র্যাঙ্ক ৪০ অর্জন করেন অস্মিতা। মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিতে এএসও পদে নিয়োগ পেয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন যে, হাজারো ব্যর্থতা বা পারিবারিক দায়িত্ব স্বপ্নপূরণের পথে শেষ কথা হতে পারে না। সঠিক সময়মতো কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসের জোরেই যেকোনো প্রতিকূলতাকে জয় করা সম্ভব।