‘আমার বাবা একা সেফটিপিন খুলতে পারে না!’ বিগ বসের সেই ভাইরাল ডায়লগ এবার বাংলা মেগায়, হাসির রোল নেটপাড়ায়

সোশ্যাল মিডিয়া খুললেই এখন কানে বাজছে একটাই সংলাপ—’আমার বাবাটা একা একা সেফটিপিন খুলতে পারে না!’ বিগ বসের ঘর থেকে নন্দিনী দত্তের বেরিয়ে আসার পর থেকেই এই ডায়লগ নিয়ে নেটপাড়ায় মিম, ট্রোল ও রিলের জোয়ার বইছে। তবে এবার আর শুধু সোশ্যাল মিডিয়া নয়, এই ভাইরাল সংলাপ সোজা ঢুকে পড়ল বাংলা ধারাবাহিকে। জনপ্রিয় মেগা সিরিয়ালের একটি দৃশ্যে এই ডায়লগের ব্যবহার দেখে এখন হাসির রোল উঠেছে দর্শকদের মধ্যে।
সম্প্রতি জনপ্রিয় ধারাবাহিক ‘আশীর্বাদ’-এর একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। এই ধারাবাহিকের গল্প মূলত এক বাবা ও তাঁর চার ছেলেকে নিয়ে। সেখানে মল্লার ও বড়লোক বাড়ির মেয়ে মেঘলার জুটি দর্শকমহলে বেশ জনপ্রিয়। আর এই জুটিরই একটি মজাদার দৃশ্যে উঠে এসেছে বিগ বসের সেই চর্চিত সেফটিপিন-প্রসঙ্গ।
ভাইরাল হওয়া ক্লিপটিতে দেখা গিয়েছে, মল্লারের মেজদা মেঘলাকে ‘সরি’ বলে একটি কাপ উপহার দেয়। মেঘলা আবার মজার ছলে সেই কাপের একটি ফুল মল্লারের মেজদার মাথায় আটকে দেয়। এই কাণ্ড দেখে মল্লার মজা করে তার ছোট ভাই পিলুকে বলে ওঠে, “এই পিলু, আমার বাবাটার মাথায় একটা সেফটিপিন আটকে দে না রে!” দাদাকেও নিরাশ করেনি পিলু। সেও একদম নন্দিনীর কান্নার সুর আর গলা হুবহু নকল করে বলে ওঠে, “দিতাম তো, কিন্তু আমার বাবাটা সেফটিপিন খুলতে পারে না!” সিরিয়ালের এই স্পুফ দৃশ্য প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। সিরিয়ালের নির্মাতারাও যে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডের সঙ্গে পুরোপুরি আপডেট, এই দৃশ্যটি যেন তারই প্রমাণ।
যাঁরা এখনও এই ‘সেফটিপিন’ রহস্য জানেন না, তাঁদের জন্য একটু ফ্ল্যাশব্যাক। বিগ বসের সিক্রেট রুমে বসে নন্দিনী হঠাৎ দেখেন, রাজবীরের ব্লেজারের পিছনে প্রচুর সেফটিপিন আটকানো রয়েছে, যা রাজবীর নিজে একা কিছুতেই খুলতে পারছেন না। ভালোবাসার মানুষকে এমন অসহায় অবস্থায় দেখে নিজের আবেগ ধরে রাখতে পারেননি নন্দিনী। ডুকরে কেঁদে তিনি বলে ওঠেন, “আমার বাবাটা একা একা সেফটিপিন খুলতে পারে না, কেউ ওকে একটু হেল্প করো!”
সেই দৃশ্য টিভিতে সম্প্রচারিত হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলের বন্যা বয়ে যায়। যদিও নন্দিনী নিজে এই পুরো বিষয়টি বেশ স্পোর্টিংলি নিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ইন্ডাস্ট্রির অনেকেই এটি নিয়ে মজা করছেন, এমনকি তাঁর বাবা-মাও বাদ যাননি। তবে এতে তাঁর কোনও সমস্যা নেই, বরং তিনি নিজেই বিষয়টি দারুণ উপভোগ করছেন। আর এবার জনপ্রিয় ধারাবাহিকে এই ডায়লগের ব্যবহার দেখে দর্শকরা এক বাক্য়ে স্বীকার করছেন যে, এই সেফটিপিন ট্রেন্ড এখনই থামার পাত্র নয়।