আমেরিকায় আর্থিক জরুরি অবস্থা! প্রধান ব্যাঙ্কগুলির সার্ভার ক্র্যাশ করতেই দিশেহারা হাজার হাজার গ্রাহক

সপ্তাহের প্রথম দিনেই এক নজিরবিহীন প্রযুক্তিগত বিভ্রাটের মুখে পড়ল মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক প্রথম সারির ব্যাঙ্ক। সোমবার আচমকা সফটওয়্যারে ত্রুটি ধরা পড়ার কারণে আমেরিকার বড় বড় ব্যাঙ্কের অনলাইন এবং ডিজিটাল আর্থিক পরিষেবা সম্পূর্ণ থমকে যায়। এর ফলে মুহূর্তের মধ্যে চরম দুর্ভোগের শিকার হন হাজার হাজার সাধারণ গ্রাহক।
প্রদর্শিত তথ্য অনুযায়ী, এই গোলযোগের জেরে Bank of America, Chase, Wells Fargo, US Bank এবং Truist-এর মতো আমেরিকার প্রথম সারির একাধিক আর্থিক প্রতিষ্ঠানের পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয়। শুধু তাই নয়, এর প্রভাব সরাসরি পড়ে জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম Zelle-এর উপরেও। ব্যাঙ্কের সার্ভারে সমস্যা দেখা দেওয়ায় Zelle ব্যবহারকারীরাও টাকা লেনদেন করতে গিয়ে ঘোর বিপাকে পড়েন।
আমেরিকার অন্যতম শীর্ষ ব্যাঙ্ক Chase পরে স্বীকার করে নেয় যে, তাদের নিজস্ব হার্ডওয়্যার সিস্টেমে থাকা একটি সফটওয়্যার বাগের কারণেই এই বিপর্যয় ঘটেছিল। ব্যাঙ্কের এক মুখপাত্র জানান, “সফটওয়্যারে ত্রুটির কারণে সাময়িকভাবে পরিষেবা দিতে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি সময় লেগেছে। যদিও গ্রাহকদের অ্যাকাউন্ট সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে।”
ফরচুনের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ১:৩০ টার কিছু পরেই প্রায় সাড়ে চার হাজারের কাছাকাছি অভিযোগ জমা পড়ে। আর ঠিক তার এক ঘণ্টার মধ্যে সেই অভিযোগের সংখ্যা একলাফে ২০ হাজার ছাড়িয়ে যায়। অনলাইন বা মোবাইল ব্যাঙ্কিংয়ের পাশাপাশি স্থানীয় শাখাগুলিতেও টাকা জমা দেওয়া বা তোলার ক্ষেত্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে হয়রানির শিকার হন গ্রাহকরা।
Wells Fargo তাদের ওয়েবসাইটে এই বিভ্রাটের কথা স্বীকার করে গ্রাহকদের বিকল্প হিসেবে এটিএম, সরাসরি ব্যাঙ্ক শাখা অথবা টেলিফোন ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহারের পরামর্শ দেয়। অন্যদিকে, US Bank এবং ডিজিটাল পেমেন্ট মাধ্যম Zelle জানিয়েছে যে তাদের নিজস্ব সিস্টেমে সরাসরি কোনো ত্রুটি ছিল না, মূল সমস্যাটি তৈরি হয়েছিল ব্যাংকগুলির নিজস্ব সার্ভারে। তবে সোমবার সন্ধ্যার মধ্যেই Chase কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা প্রযুক্তিগত ত্রুটি সারিয়ে পরিষেবা পুরোপুরি স্বাভাবিক করে তুলেছে।