OMG! রানওয়ে ছাড়াই উড়বে প্লেন, বিমান চলাচলের ইতিহাসে আসছে বিরাট বদল

মাঝ আকাশে নতুন এক বিপ্লবের হাতছানি। সাধারণ প্লেনের মতো বিশাল রানওয়ের প্রয়োজন নেই, এবার মাত্র ১৫০ ফুটের একটি ছোট মাঠ, পার্কিং স্পেস কিংবা হেলিপ্যাড থেকেই উড়তে এবং নামতে পারবে অভিনব এক উড়োজাহাজ। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াভিত্তিক বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান ইলেকট্রা তৈরি করছে এই তাক লাগানোর মতো প্লেন।
প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য হলো আঞ্চলিক আকাশপথের যাতায়াতে এক নতুন অধ্যায় তৈরি করা। তাদের দাবি, এই প্লেন চালু হলে সড়কপথে যাতায়াতের জন্য কিছুটা দূরের কিন্তু সাধারণ বিমানে যাওয়ার জন্য কাছের গন্তব্যগুলোতে খুব দ্রুত পৌঁছানো সম্ভব হবে। এই ব্যবস্থাকে তারা নাম দিয়েছে ডাইরেক্ট এভিয়েশন বা সরাসরি আকাশপথের যাতায়াত।
ইলেকট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক অ্যালেন জানিয়েছেন, বাণিজ্যিক প্লেনের যাতায়াত অনেক দূর এগোলেও দৈনন্দিন জীবনের আঞ্চলিক যাতায়াতের বড় সমস্যাগুলোর সমাধান এখনও মেলেনি। মহাদেশ পেরিয়ে যাতায়াত বা পণ্য পরিবহনে বাণিজ্যিক বিমান অত্যন্ত কার্যকর হলেও আঞ্চলিক ক্ষেত্রে তা যথেষ্ট সুবিধাজনক নয়। অন্যদিকে হেলিকপ্টার ছোট জায়গায় নামতে পারলেও তার জ্বালানি ও পরিচালনার খরচ অনেক বেশি।
ছয়টি শর্ত পূরণের লক্ষ্য ও প্রযুক্তি
নতুন এই উড়োজাহাজ তৈরির ক্ষেত্রে মোট ছয়টি বিষয়ের ওপর বিশেষ জোর দিচ্ছে ইলেকট্রা। এগুলো হলো কম শব্দ, সহজে ওঠানামার সুবিধা, যাত্রী ও পণ্য বহনের সক্ষমতা, দূরত্ব অতিক্রমের ক্ষমতা, নিরাপত্তা এবং সাশ্রয়ী পরিচালন ব্যয়। প্রতিষ্ঠানের দাবি, বিমান চলাচলের ইতিহাসে এখন পর্যন্ত কোনো একক উড়োজাহাজ এই ছয়টি শর্ত একসঙ্গে পূরণ করতে পারেনি।
এই সমস্যার সমাধান করতে বিদ্যুৎচালিত মোটর ব্যবহারের প্রযুক্তি বেছে নিয়েছে তারা। এই প্রযুক্তিতে বিমানের বিভিন্ন অংশে ছোট ছোট বৈদ্যুতিক মোটর বসানো হয়, যার ফলে প্রচলিত ইঞ্জিনের ওপর নির্ভরতা অনেকটাই কমে যায়। এই প্রযুক্তির ওপর ভিত্তি করেই তৈরি হচ্ছে ইএল৯ আলট্রা শর্ট নামের হাইব্রিড-ইলেকট্রিক বিমান। সিএনএন সূত্রে প্রকাশিত এই অভিনব প্রযুক্তি সফল হলে খুব শীঘ্রই মানুষের দৈনন্দিন যাতায়াত ব্যবস্থায় এক বিরাট পরিবর্তন আসবে।