রামায়ণে সীতার হাতে অস্ত্র কেন? ট্রোলের ঝড় উঠতেই সব রহস্য ফাঁস করলেন পরিচালক নীতেশ তিওয়ারি

হাজার কোটির ব্যবসা করলেও নীতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’ নিয়ে বিতর্ক থামছে না। বিশেষ করে ছবিতে সাই পল্লবীর অভিনীত সীতার চরিত্রটি যেভাবে অস্ত্র হাতে যুদ্ধক্ষেত্রে নেমেছে, তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। সনাতনী বিশ্বাসের ঐতিহ্য ভেঙে সীতার এই যোদ্ধা অবতার কেন দেখানো হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। অবশেষে এই সমস্ত বিতর্কের মুখে মুখ খুলেছেন খোদ পরিচালক নীতেশ তিওয়ারি।
কী বলেছেন পরিচালক নীতেশ তিওয়ারি? পরিচালক স্পষ্ট জানিয়েছেন যে সীতার এই রূপ কোনো আধুনিক কল্পনার ফসল নয়। সংস্কৃত ভাষার ‘অদ্ভুত রামায়ণ’ এবং পঞ্চদশ শতাব্দীর ওড়িয়া ভাষার ‘বিলাঙ্কা রামায়ণ’ থেকে অনুপ্রাণিত হয়েই এই দৃশ্যগুলো তৈরি করা হয়েছে। নীতেশের কথায়, এই গ্রন্থগুলিতে সীতাকে কেবল একজন সহ্যশীল নারী হিসেবে নয়, বরং মহাজাগতিক শক্তির প্রতীক এবং সক্রিয় যোদ্ধা হিসেবে বর্ণনা করা হয়েছে। পুরাণ অনুযায়ী, ভগবান রাম যুদ্ধ করতে অক্ষম হয়ে পড়লে সীতা দেবী মহাকালীর ভয়ঙ্কর রূপ ধারণ করেছিলেন এবং সহস্র রাবণকে বধ করেছিলেন। তাই সমস্ত অ্যাকশন দৃশ্য ঐতিহাসিক তথ্য ও গবেষণার ভিত্তিতেই তৈরি করা হয়েছে।
কী বলছেন আগের যুগের ‘সীতা’? অন্যদিকে রামানন্দ সাগরের জনপ্রিয় টেলিভিশন সিরিয়াল ‘রামায়ণ’-এ সীতার চরিত্রে অভিনয় করা অভিনেত্রী দীপিকা চিখালিয়া এই বিষয়ে নিজের মতামত জানিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, বাল্মীকি বা তুলসীদাসের রামায়ণে সীতার এমন যুদ্ধের কথা তাঁর মনে পড়ছে না। তবে তিনি এও স্বীকার করেছেন যে আমাদের দেশে রামায়ণের তিনশোটির বেশি সংস্করণ রয়েছে এবং একেকটি গল্প একেক রকম। ফলে নির্মাতারা হয়তো এমন কোনো কম পরিচিত রামায়ণ থেকে এই অংশটি বেছে নিয়েছেন, যা নিয়ে অনেকেরই তেমন ধারণা নেই।
বক্স অফিসে হাজার কোটির ঝড়: সমস্ত বিতর্ক এবং আলোচনাকে পেছনে ফেলে বক্স অফিসে দারুণ পারফরম্যান্স করছে রণবীর কাপুর ও সাই পল্লবী অভিনীত এই ছবি। মাত্র ৯ দিনের মধ্যেই ভারতে ৬১২.৭০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই সিনেমা। আর বিশ্বজুড়ে এর মোট সংগ্রহ ছাড়িয়ে গেছে ১,১১১ কোটি টাকা। হাজার কোটির মাইলফলক অনায়াসে পার করে বক্স অফিসে কার্যত ঝড় তুলেছে এই মেগা প্রজেক্ট।