চাল-ডাল সেদ্ধ হয়নি! ১৭৫৫ টাকার প্রেসার কুকার কাণ্ড গড়াল আদালতে, কোম্পানিকে দিতে হলো বিশাল জরিমানা।

রান্নার কাজ সহজ করতে অনেকেই প্রেসার কুকারের ওপর ভরসা করেন। কিন্তু সেই কুকার যদি রান্না করার বদলে উল্টে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, তবে কেমন লাগবে? অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ঠিক এমনই এক ঘটনা ঘটেছে। মাত্র ১৭৫৫ টাকা দিয়ে কেনা একটি প্রেসার কুকার এক নারীর জীবনে বড় ধরনের বিপত্তি ডেকে এনেছিল। শেষ পর্যন্ত বিষয়টি গড়ায় ভোক্তা আদালত পর্যন্ত। আর তাতেই বড়সড় ধাক্কা খেয়েছে সংশ্লিষ্ট দোকান, ডিলার এবং প্রস্তুতকারক কোম্পানি। আদালতের রায়ে তাদের ক্ষতিপূরণ হিসেবে গুনতে হয়েছে প্রায় ১৬,৭৫৫ টাকা।
ঠিক কী ঘটেছিল?
অভিযোগকারী ওই নারী একটি স্থানীয় দোকান থেকে ১৭৫৬ টাকা দিয়ে ৪ লিটারের একটি ডিপ-প্যান প্রেসার কুকার কিনেছিলেন। যার পুরো পেমেন্ট তিনি করেছিলেন ইউপিআই (UPI) এর মাধ্যমে। কিন্তু বিপত্তি বাঁধে বাড়ি এনে প্রথম দিনেই রান্না করতে গিয়ে। কুকারে নির্দিষ্ট ৩ থেকে ৪টি সিটি বাজার পরেও চাল ঠিকমতো সেদ্ধ হয়নি, সব চালই অধপকা থেকে যায়। এরপরের দিন ডাল রান্না করতে গিয়েও একই সমস্যার সম্মুখীন হন তিনি। ডাল তো সেদ্ধ হলোই না, উল্টে রান্নার সময় নষ্ট হয়।
বদলের বদলে ধরিয়ে দেওয়া হলো মেরামতির বিল
ত্রুটিপূর্ণ কুকার নিয়ে যখন ওই নারী দোকানে যান, তখন সেখানকার কর্মচারীদের আচরণ ছিল অত্যন্ত হতাশাজনক। তারা সাফ জানিয়ে দেয় যে, এই সমস্যা সমাধানের জন্য তাকে কোম্পানির সার্ভিস সেন্টারে যেতে হবে। কিন্তু বয়সের ও শারীরিক সীমাবদ্ধতার কারণে ওই নারী সার্ভিস সেন্টারে যেতে অসমর্থতা প্রকাশ করেন। অনেক টানাপোড়েনের পর দোকান থেকে কুকারটি তো নেওয়া হয়, কিন্তু নতুন কুকার বদল করে দেওয়ার বদলে তারা একটি মেরামতির (Repair) বিল ধরিয়ে দেয়। অথচ ক্রেতা পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে তাঁর সারাই করা কুকার চাই না, বরং নতুন কুকার বা রিফান্ড চাই। এমনকি কোম্পানিও পরে স্বীকার করে যে তারা ডিলারকে কুকার বদল করার নির্দেশ দিয়েছিল, কিন্তু ডিলার সেই নির্দেশ মানেননি।
ডিলার ও কোম্পানির দাবি উড়িয়ে দিল আদালত
বিশাখাপত্তনম জেলা ভোক্তা বিরোধ নিবারণ কমিশনের বেঞ্চ এই মামলায় গত ৩১ অক্টোবর অত্যন্ত কড়া রায় দেয়। শুনানির সময় দোকান, ডিলার এবং নির্মাতা কোম্পানির পক্ষ থেকে দাবি করা হয় যে কুকারটি নাকি একেবারে ঠিকঠাক কাজ করছিল এবং তারা কেবল ‘গুডউইল জেস্টারের’ অংশ হিসেবে সেটি বদল করতে রাজি হয়েছিল!
এই যুক্তিতে তীব্র ক্ষোভ প্রকাশ করে আদালত। বিচারকরা প্রশ্ন তোলেন, যদি কুকারটিতে কোনো ত্রুটিই না থাকে, তবে তা বদল করার প্রস্তাব দেওয়া হয়েছিল কেন? এছাড়া বিপক্ষ দল আদালতে ওয়ারেন্টির সঠিক শর্তগুলোও পেশ করতে ব্যর্থ হয়।
আদালত স্পষ্ট জানিয়ে দেয় যে, ওই নারী ভোক্তা সুরক্ষা আইনের বলেই তাঁর আইনি অধিকার প্রয়োগ করছেন, এটি কোম্পানির কোনো দয়া বা অনুকম্পা নয়। শুধু তাই নয়, দোকান ও ডিলারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে ওই নারী নাকি ভোক্তা কমিশনে নিজের প্রভাব খাটিয়ে তাদের হুমকি দিয়েছেন। এই ধরনের মন্তব্যকে ক্রেতার প্রতি চরম অপমানজনক এবং প্রতিষ্ঠানের মানহানিকর হিসেবে চিহ্নিত করে আদালত কড়া অসন্তোষ প্রকাশ করে। শেষ পর্যন্ত গ্রাহক পরিষেবায় গাফিলতির অভিযোগে দোকান, ডিলার এবং প্রস্তুতকারক কোম্পানিকে যৌথভাবে কুকারের আসল দাম, ক্ষতিপূরণ এবং মামলার খরচ বাবদ মোট ১৬,৭৫৫ টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।