নতুন ফোন কিনেছেন? পুরনো ফোন থেকে ই-সিএম ট্রান্সফার করার এই সহজ নিয়ম না জানলে বিপদে পড়বেন!

ইন্টারনেট দুনিয়ায় এখন ফিজিক্যাল সিম কার্ডের যুগ প্রায় শেষের পথে। তার জায়গা দ্রুত দখল করে নিচ্ছে ডিজিটাল ই-সিএম (eSIM)। এর ফলে বারবার সিম ট্রে খোলার ঝামেলা বা পিন হারানোর টেনশন থেকে মুক্তি মিলছে। তবে সমস্যা তৈরি হয় তখনই, যখন হাত বদল হয় একটি নতুন স্মার্টফোনের এবং পুরনো ফোন থেকে সেই ডিজিটাল সিম ট্রান্সফার করতে হয় নতুন ডিভাইসে। বিশেষ করে যারা একসঙ্গে ডুয়েল সিম ব্যবহার করেন, তাদের জন্য এই প্রক্রিয়াটি বেশ জটিল ঠেকে। যদি আপনিও খুব শীঘ্রই নতুন ফোন কেনার পরিকল্পনা করে থাকেন এবং কোনো ঝামেলা ছাড়াই ঘরে বসে ই-সিএম ট্রান্সফার করতে চান, তবে জেনে নিন এর পুরো নিয়ম।

ট্রান্সফার করার আগে কিছু জরুরি প্রস্তুতি

ই-সিএম স্থানান্তরের প্রক্রিয়া শুরু করার আগে কয়েকটি বিষয় মাথায় রাখা অত্যন্ত জরুরি:

  • প্রথমে নিশ্চিত করুন যে আপনার নতুন স্মার্টফোনটি ই-সিএম সাপোর্ট করে কি না।

  • নতুন ডিভাইসে নেটওয়ার্ক পুরোপুরি সচল না হওয়া পর্যন্ত পুরনো ফোনটি নিজের কাছেই রাখুন এবং চালু রাখুন।

  • প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য নতুন ফোনটিতে শক্তিশালী Wi-Fi কানেকশন থাকা বাধ্যতামূলক।

  • যদি আপনার ফোনে দুটি নম্বরই ই-সিএম হয়ে থাকে, তবে প্রতিটি নম্বরের জন্য আলাদা আলাদাভাবে ট্রান্সফার রিকোয়েস্ট পাঠাতে হবে।

জিও (Jio) গ্রাহকরা কীভাবে ই-সিএম ট্রান্সফার করবেন?

১. প্রথমে আপনার নতুন ফোন থেকে *#06# ডায়াল করে ৩২ অঙ্কের EID নম্বর সংগ্রহ করে নিন। ২. এবার পুরনো ফোনে MyJio অ্যাপ ওপেন করুন। সার্চ বারে eSIM লিখে সার্চ করে Switch to eSIM অপশনটি সিলেক্ট করুন। ৩. এরপর আপনার ইমেল আইডি ভেরিফাই করে সেখানে নতুন ফোনের EID নম্বরটি সঠিকভাবে টাইপ করুন। ৪. আপনার রেজিস্টার্ড জিও নম্বরে একটি OTP আসবে। সেটি দিয়ে রিকোয়েস্ট ভেরিফাই করুন। ৫. এই প্রক্রিয়া শেষের পর দুই ঘণ্টার একটি কুলিং পিরিয়ড থাকবে। এরপর কোম্পানির পক্ষ থেকে একটি স্বয়ংক্রিয় (Automated) কল আসবে। কলটিতে নির্দেশমতো কনফার্মেশন দিন। ৬. সবশেষে নতুন ফোনের ই-সিএম প্রোফাইলে একটি নোটিফিকেশন আসবে অথবা ইমেলে একটি QR কোড পাবেন। এটি স্ক্যান করে ইনস্টল করলেই নতুন ফোনটি আপনার নম্বরের সঙ্গে যুক্ত হয়ে যাবে।

এয়ারটেল (Airtel) গ্রাহকদের জন্য করণীয়

১. এয়ারটেল ব্যবহারকারীদের প্রথমে Airtel Thanks অ্যাপে প্রবেশ করতে হবে। ২. সেখান থেকে Manage Services অথবা Upgrade to eSIM অপশনে যান। ৩. এরপর Get eSIM for another device অপশনে ট্যাপ করে নতুন ফোনের EID নম্বরটি সেখানে বসিয়ে দিন। ৪. রেজিস্টার্ড নম্বরে আসা OTP দিয়ে ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করুন। ৫. কোম্পানির তরফ থেকে আসা অটোমেটিক কলে অনুমতি বা কনফার্মেশন দিন। ৬. এরপর নতুন ফোনের সেটিংস অপশনে গিয়ে ই-সিএম ডাউনলোড করে নিন এবং সেখান থেকেই অ্যাক্টিভেট করে ফেলুন।

আইফোন (iPhone) এবং অ্যান্ড্রয়েড (Android)-এর সহজ পদ্ধতি

আপনি যদি পুরনো কোনো আইফোন থেকে নতুন আইফোনে ডেটা বা সিম শিফট করেন, তবে কাজ আরও সহজ। এর জন্য আইফোনের Settings-এ গিয়ে Mobile Service, এরপর Add eSIM এবং সবশেষে Transfer from Nearby iPhone অপশনটি বেছে নিন। এবার দুটি ফোন পাশাপাশি রাখুন, ব্লুটুথ ও ওয়াই-ফাই অন রাখুন এবং পুরনো ফোনে ট্রান্সফারের অনুমতি দিন।

অন্যদিকে, কিছু নতুন অ্যান্ড্রয়েড ফোনেও Transfer from another device-এর সুবিধা পাওয়া যায়। বিশেষ করে অ্যান্ড্রয়েড ১৪ বা তার পরবর্তী সংস্করণের সাপোর্ট থাকা ডিভাইসে এই সুবিধা মিলছে।

যে ভুলগুলো ভুলেও করবেন না

  • আগে সিম ডিলিট করবেন না: নতুন ফোন চালু হওয়ার আগে ভুলেও পুরনো ফোনের ই-সিএম ডিলিট বা রিমুভ করবেন না। নতুন ফোনে নেটওয়ার্ক সচল হওয়া পর্যন্ত পুরনো ফোনটি ইন্টারনেটের সঙ্গে যুক্ত রাখুন।

  • নিরাপত্তাজনিত সতর্কতা: ই-সিএম স্থানান্তরের পর নিরাপত্তার কারণে ২৪ ঘণ্টা পর্যন্ত এসএমএস (SMS) পরিষেবা সাময়িকভাবে বন্ধ থাকতে পারে। তাই ব্যাংক বা ইউপিআই (UPI) সংক্রান্ত জরুরি লেনদেনের কাজগুলো সিম বদল করার আগেই সেরে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *