সৈকতে ছট পুজো বন্ধের নির্দেশ রাজ ঠাকরের দলের! কড়া হুঙ্কার দিয়ে ময়দানে নেমে পড়লেন সোনু সুদ?

মুম্বইয়ে ছট পুজোকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ চড়েছে। একদিকে যখন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)—র পক্ষ থেকে সমুদ্র সৈকতে এই পবিত্র উৎসব উদযাপন নিষিদ্ধ করার দাবি তোলা হয়েছে, তখন ঠিক উলটো পথে হেঁটে বড় ঘোষণা করলেন জনপ্রিয় বলিউড অভিনেতা সোনু সুদ। এই বিরোধিতার জেরে এমএনএস ও অন্যান্য রাজনৈতিক দলগুলির মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে।
এমএনএস বনাম বিজেপি এবং সোনু সুদ
মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (রাজ ঠাকরের দল)-র যুক্তি, মুম্বইয়ের সমুদ্র সৈকতের পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বজায় রাখতেই সৈকত চত্বরে ছট পূজা উদযাপন বন্ধ হওয়া উচিত। এমনকি এই নিয়ে লাগাতার আবেদন জানিয়ে আসছে দলটি। অন্যদিকে, এমএনএস-এর এই অবস্থানকে তীব্র আক্রমণ করে বিজেপি পালটা অভিযোগ তুলেছে যে, রাজনৈতিক জমি হারাতে বসে সনাতন ধর্মের পবিত্র উৎসব নিয়ে নোংরা রাজনীতি করছে রাজ ঠাকরের দল।
এই বিতর্কের মাঝেই জনহিতৈষী অভিনেতা সোনু সুদ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তার মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে, তিনি ২০২৬ সালের ১৫ই নভেম্বর সন্ধ্যায় মুম্বইয়ের বিখ্যাত জুহু সৈকতে (হোটেল পাম গ্রোভের পেছনে) স্বয়ং ছট পুজোয় অংশ নেবেন। পাশাপাশি, সমস্ত ভক্ত ও দেশবাসীকেও এই মহা উৎসবে যোগ দেওয়ার জন্য প্রকাশ্যে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
প্রতি বছর মুম্বইয়ে ছট পুজো অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালিত হলেও, চলতি বছরে রাজনৈতিক দলগুলির মুখোমুখি অবস্থানের কারণে বিষয়টি নিয়ে উত্তাপ এখন তুঙ্গে।