যশের অসাধারণ অভিনয়ই কঠিন করে তুলেছিল ডাবিং! ‘রামায়ণ’ ছবির নেপথ্য অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন শরদ কেলকার

নীতিশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত মেগাবাজেট ছবি ‘রামায়ণ: পার্ট ওয়ান’-এর হিন্দি সংস্করণে কন্নড় সুপারস্টার যশের শক্তিশালী রাবণ চরিত্রে নিজের ভরাট কণ্ঠ দিয়ে দারুণ প্রশংসা কুড়োচ্ছেন জনপ্রিয় অভিনেতা শরদ কেলকার। পর্দায় যশের দাপুটে অভিনয় যেমন গোটা দেশের দর্শকদের মুগ্ধ করেছে, তেমনই সমানভাবে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে শরদের নিখুঁত ডাবিং ও কণ্ঠস্বর। তবে সম্প্রতি এক অনুষ্ঠানে অভিনেতা নিজেই জানালেন, পর্দায় যশের মতো তুখোড় অভিনেতার চরিত্রে ডাবিং করা তাঁর জন্য মোটেও জলভাত ছিল না। আর এই কাজের আসল চ্যালেঞ্জটি লুকিয়ে ছিল খোদ যশের অনবদ্য অভিনয়ের মধ্যেই।
অনুষ্ঠানে প্রশংসায় পঞ্চমুখ শরদ কেলকার বৃহস্পতিবার ‘কালী খেতি’-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত হয়ে ‘রামায়ণ’ ছবিতে যশের রাবণ চরিত্রের ভূয়সী প্রশংসা করেন শরদ কেলকার। যশকে একজন ‘অসাধারণ অভিনেতা’ হিসেবে উল্লেখ করার পাশাপাশি, এই পৌরাণিক মহাকাব্যে তাঁর কণ্ঠস্বরকে ভালোবেসে গ্রহণ করার জন্য সকল দর্শককে ধন্যবাদ জানান তিনি। উল্লেখ্য, বক্স অফিসে মুক্তির মাত্র সাত দিনের মাথাতেই ঘরোয়া বক্স অফিসে ৫০০ কোটি টাকার গণ্ডি অনায়াসে পার করে ফেলেছ এই ছবি।
অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের অনুরোধে ‘রামায়ণ’ ছবির একটি জনপ্রিয় সংলাপ নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে শুনিয়ে উপস্থিত সকলকে মাতিয়ে দেন শরদ। সেখানে মূল সংলাপের সামান্য বদল ঘটিয়ে রাবণের বদলে নিজের পদবি জুড়ে দিয়ে তিনি মজার ছলে বলেন, “তিন লোকে কেবল একটাই রাজত্ব চলবে, আর তা হল কেলকার রাজ!”
যশের অভিনয়ই কাজের চাপ বাড়িয়েছিল যশের অভিনয়ের প্রসঙ্গে বলতে গিয়ে শরদ জানান, রাবণ চরিত্রটিকে যশ যেভাবে রূপোলি পর্দায় ফুটিয়ে তুলেছেন, তা সত্যি অতুলনীয়। অভিনেতার কথায়, “আমাকে বাধ্য হয়েই যশের প্রশংসা করতে হবে। ছবিতে ও যেভাবে অভিনয় করেছে, আমার তো মনে হয় অন্য কেউ হলে ওই গভীরতা ফুটিয়ে তুলতে পারত না। ও অত্যন্ত মেধাবী এবং পরিশ্রমী একজন অভিনেতা। যেভাবে ও পুরো চরিত্রটি ফুটিয়ে তুলেছে, তা সত্যিই অভাবনীয়। আর সেই কারণেই আজ ছবিটিতে ও এত প্রশংসা পাচ্ছে।”
তবে এর সঙ্গেই এক মজার ও কৌতূহলজনক তথ্য শেয়ার করে শরদ স্বীকার করেন যে, যশের এই তুখোড় অভিনয়ই তাঁর নিজের ডাবিংয়ের কাজটিকে বেশ চ্যালেঞ্জিং করে তুলেছিল। পর্দায় যশের আবেগঘন ও শক্তিশালী অভিনয়ের সঙ্গে নিখুঁত তাল মিলিয়ে হিন্দি সংলাপ রেকর্ড করতে গিয়ে তাঁকে বেশ ভালোই কসরত করতে হয়েছে। শরদ বলেন, “ওর জন্য ডাবিং করতে গিয়ে আমার একটু অসুবিধাই হয়েছিল, কারণ ছবিতে ও এতটাই দারুণ অভিনয় করেছে যে তার সঙ্গে পাল্লা দিতে হয়েছে। তবে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা ছবিটিকে এবং আমার কাজকে এত ভালোবেসেছেন।”
ডাবিং দুনিয়ায় শরদ কেলকারের মুকুটে নতুন পালক অবশ্য বৃহৎ বাজেটের ভারতীয় ছবিতে কণ্ঠ দেওয়ার অভিজ্ঞতা শরদ কেলকারের কাছে নতুন কিছু নয়। এর আগেও ‘বাহুবলী’, ‘বাহুবলী ২’, ‘আদিপুরুষ’ এবং ‘সালার’-এর মতো জনপ্রিয় ছবিতে দক্ষিণী তারকা প্রভাসের হিন্দি কণ্ঠস্বর হিসেবে তিনি দেশজুড়ে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এছাড়া ‘দশেরা’ ছবিতে অভিনেতা নানির হয়েও হিন্দি ডাবিং করেছিলেন তিনি। আর এবার ‘রামায়ণ’ ছবিতে যশের মতো দাপুটে খলনায়ক চরিত্রে কণ্ঠদান করে তাঁর বর্ণময় ডাবিং কেরিয়ারে আরও এক নতুন ও উজ্জ্বল পালক যুক্ত হলো।