নদীর বুকে সোজাসুজি তলিয়ে গেল যাত্রীবাহী ভ্যান! ভয়াবহ দুর্ঘটনায় ১১ জনের মর্মান্তিক মৃত্যুতে কাঁপছে এলাকা

পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট-বালতিস্তান অঞ্চলে ফের এক মর্মান্তিক ও ভয়াবহ পথ দুর্ঘটনার খবর সামনে এল। নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রবোঝাই ভ্যান সেতু থেকে সোজাসুজি নদীতে পড়ে যাওয়ার জেরে ১১ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এই ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত দু’জন। শুক্রবার স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দলের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ঠিক কী ঘটেছিল ওই দিন? পুলিশ সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, দুর্ঘটনাটি ঘটেছিল গত বৃহস্পতিবার সন্ধ্যায়। একটি যাত্রীবোঝাই ভ্যান গিলগিট থেকে রওনা হয়ে ঘিজার জেলার ইয়াসিন উপত্যকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে মোরকাহ সেতুর কাছে পৌঁছানোর পর হঠাৎই চালক গাড়ির ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর ফলে মুহূর্তের মধ্যে গাড়িটি রাস্তা থেকে সোজা নিচে ইয়াসিন নদীতে গিয়ে পড়ে।

ঘটনার পরই স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং জোরকদমক শুরু করে উদ্ধারকাজ। নদী থেকে তল্লাশি চালিয়ে প্রথমে ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদের মধ্যে দু’জন মহিলাও রয়েছেন।

পাশাপাশি, এক শিশুসহ মোট তিনজনকে জখম অবস্থায় জল থেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন উদ্ধারকারীরা। তাঁদের দ্রুত চিকিৎসার জন্য গুপিস সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই ওই শিশুটির মৃত্যু হয়। এর ফলে এই দুর্ঘটনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে।

অতিরিক্ত গতিই কি কাল হলো? উঠছে প্রশ্ন পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় মৃত ও আহত প্রত্যেকেই পাকিস্তানের গিলগিট-বালতিস্তানের অন্তর্ভুক্ত ইয়াসিন উপত্যকারই বাসিন্দা। বর্তমানে আহত দু’জন রোগীর মধ্যে একজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক রয়েছে। প্রত্যক্ষদর্শীদের অনেকের মতে, দুর্ঘটনার সময় গাড়িটির গতিবেগ বেশ বেশি ছিল। ফলে অতিরিক্ত গতির কারণেই এই নিয়ন্ত্রণ হারানোর ঘটনা ঘটেছে কি না, তা নিয়ে জোরদার প্রশ্ন উঠছে। ঠিক কী কারণে চালক গাড়ির ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই একটি পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।

সড়ক নিরাপত্তা নিয়ে বাড়ছে আতঙ্ক একসঙ্গে এতগুলি তাজা প্রাণ ঝরে যাওয়ার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সমগ্র ইয়াসিন উপত্যকায়। উল্লেখ্য, পাক অধিকৃত কাশ্মীরের এই গিলগিট-বালতিস্তান অঞ্চলে মর্মান্তিক পথ দুর্ঘটনা যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এর ঠিক আগের সপ্তাহেও গিলগিট থেকে ইসলামাবাদগামী একটি যাত্রীবোঝাই বাসের সঙ্গে একটি ডাম্পারের ভয়াবহ সংঘর্ষ ঘটেছিল হাজারা মোটরওয়ের হাভেলিয়ান ইন্টারচেঞ্জের কাছে। সেই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়েছিল এবং অন্তত ৩০ জন যাত্রী গুরুতর আহত হয়েছিলেন।

গত সপ্তাহের ওই দুর্ঘটনাতেও গাড়িগুলির অতিরিক্ত গতিবেগ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন যাত্রীদের একাংশ। একের পর এক এই ধরনের ভয়াবহ দুর্ঘটনার জেরে সংশ্লিষ্ট অঞ্চলের জঘন্য সড়ক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে বিরাট প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের ও নিত্যযাত্রীদের বক্তব্য, বারবার একই ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা ঘটায় গোটা এলাকায় এক চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু যাতায়াতের অন্য কোনো পর্যাপ্ত বিকল্প মাধ্যম না থাকায় এলাকার সাধারণ মানুষকে প্রতিনিয়ত প্রাণের ঝুঁকি নিয়েই চলাচল করতে বাধ্য হতে হচ্ছে। স্থানীয়দের জোরালো দাবি, অবিলম্বে ওই বিপজ্জনক সড়কগুলিতে গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণে প্রশাসন কঠোর ও উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *