মোবাইল টাওয়ারের দিন কি তবে শেষ? সরাসরি স্যাটেলাইটের সঙ্গে স্মার্টফোনের সংযোগ ঘটাতে বড় সুপারিশ TRAI-এর

মোবাইল নেটওয়ার্কের দুর্বল সিগন্যাল বা ‘নো নেটওয়ার্ক জোন’-এর সমস্যায় পড়েননি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। বিশেষ করে দেশের প্রত্যন্ত গ্রাম, দুর্গম পাহাড়ি এলাকা কিংবা যেখানে মোবাইল টাওয়ারের সংখ্যা অপ্রতুল, সেখানে ফোনে কথা বলা বা নিরবচ্ছিন্ন ইন্টারনেট ব্যবহার করা এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়ায়। তবে সাধারণ মানুষের এই দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান হতে চলেছে স্যাটেলাইট প্রযুক্তির হাত ধরে। এবার প্রচলিত টাওয়ারকে বুড়ো আঙুল দেখিয়ে সরাসরি স্যাটেলাইটের সঙ্গে স্মার্টফোনের সংযোগ স্থাপনের সুযোগ তৈরি করতে এক অভিনব কাঠামোর সুপারিশ করেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া বা ট্রাই (TRAI)।
কী এই Direct to Device স্যাটেলাইট কানেক্টিভিটি? TRAI-এর প্রস্তাবিত এই নতুন প্রযুক্তির মূল কথা হলো ‘Direct to Device’ (D2D) স্যাটেলাইট কানেক্টিভিটি। এই প্রযুক্তি সফলভাবে চালু হলে স্মার্টফোন কিংবা অন্য যেকোনো উপযুক্ত ডিভাইস সরাসরি মহাশূন্যে থাকা স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ করতে পারবে।
সাধারণত আমরা যখন ফোনে কথা বলি, মেসেজ পাঠাই কিংবা ইন্টারনেট চালাই, তখন তার জন্য কাছাকাছি থাকা কোনো না কোনো মোবাইল টাওয়ারের সিগন্যালের প্রয়োজন হয়। কিন্তু ডিটুডি প্রযুক্তি চালু হলে নেটওয়ার্ক পরিষেবা পাওয়ার জন্য আর কেবল মোবাইল টাওয়ারের ওপর সম্পূর্ণ নির্ভরশীল থাকতে হবে না। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চল, দুর্গম পাহাড়ি এলাকা কিংবা গভীর অরণ্যে যেখানে সবসময় নেটওয়ার্ক অত্যন্ত দুর্বল থাকে, সেখানে এই প্রযুক্তি গেমচেঞ্জার হয়ে উঠতে পারে। ভারতে এই পরিষেবা চালুর জন্য মূলত দুই ধরনের কাঠামোর সুপারিশ করেছে ট্রাই:
১. MSS Based D2D Connectivity (Mobile Satellite Service): এই পদ্ধতির মাধ্যমে স্মার্টফোন নির্দিষ্ট কিছু স্যাটেলাইট ফ্রিকোয়েন্সি ব্যান্ড ব্যবহার করে সরাসরি স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবে। এর মধ্যে প্রধানত L Band ও S Band অন্তর্ভুক্ত। পাশাপাশি, ভবিষ্যতে দেশের বাজারে বিক্রি হওয়া সমস্ত নতুন স্মার্টফোনে এই কাজের উপযোগী প্রয়োজনীয় হার্ডওয়্যার মডিউল যুক্ত করার জন্য মোবাইল প্রস্তুতকারক সংস্থাগুলোকে উৎসাহিত করার কথাও বলা হয়েছে। তবে বর্তমানের বেশিরভাগ ফোনে এই যোগাযোগের জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার না থাকাটাই একটা বড় চ্যালেঞ্জ।
২. IMT Based D2D Connectivity (International Mobile Tele-Communications): এই ব্যবস্থার মাধ্যমে স্যাটেলাইট নেটওয়ার্ক প্রচলিত মোবাইল পরিষেবার সঙ্গে যুক্ত নির্দিষ্ট স্পেকট্রাম ব্যান্ড ব্যবহার করে উপযুক্ত ডিভাইসে সরাসরি কানেক্ট হতে পারবে। এই পরিষেবা চালুর ক্ষেত্রে ৬০০ মেগাহার্জ, ৭০০ মেগাহার্জ, ৮০০ মেগাহার্জ, ৯০০ মেগাহার্জ, ১৮০০ মেগাহার্জ এবং ২১০০ মেগাহার্জ ব্যান্ড ব্যবহারের সুনির্দিষ্ট সুপারিশ করেছে TRAI।
পরিকাঠামো উন্নয়নে নতুন প্রস্তাব শুধু সরাসরি সংযোগ স্থাপনই নয়, দেশের স্যাটেলাইট যোগাযোগ পরিষেবার সামগ্রিক পরিকাঠামো আরও উন্নত ও মজবুত করতে একটি নতুন ব্যবস্থার প্রস্তাব দিয়েছে ট্রাই। এর নাম দেওয়া হয়েছে ‘Satellite Communication Network Provider Authorisation’। এর আওতায় অনুমোদিত এবং যোগ্য টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি স্যাটেলাইট যোগাযোগের নেটওয়ার্ক পরিষেবা দেওয়ার অনুমতি পাবে। তবে তারা সরাসরি গ্রাহকদের পরিষেবা দিতে পারবে না।
বিশ্লেষকদের মতে, ট্রাই-এর এই দূরদর্শী সুপারিশগুলি যদি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়, তবে ভারতের টেলিকম পরিষেবার ইতিহাসে এক সম্পূর্ণ নতুন দিগন্ত উন্মোচিত হবে। তবে এখনই দেশের সমস্ত স্মার্টফোনে এই পরিষেবা মিলছে না। এর জন্য প্রথমে কেন্দ্র সরকারকে ট্রাই-এর এই সমস্ত সুপারিশ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করতে হবে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় আইনি নিয়মকানুন ও নীতি চূড়ান্ত করতে হবে।