‘কথা কম, কাজ বেশি’—প্রবাসীদের বাংলায় আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, দিলেন বার্তা

পশ্চিমবঙ্গের ইতিহাসে এই প্রথমবার কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে ১৯তম প্রবাসী ভারতীয় সম্মেলন। আগামী বছরের শুরুতেই অর্থাৎ ৭ থেকে ৯ জানুয়ারি তিলোত্তমায় এই মেগা আন্তর্জাতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই উপলক্ষে অনুষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট উদ্বোধন করতে সম্প্রতি নয়াদিল্লিতে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি জানান, এই সম্মেলন সফল করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো পথ ও মন্ত্র অনুসরণ করেই কাজ করবে রাজ্য সরকার।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, আগামী জানুয়ারিতে কলকাতার নিউ টাউনের কনভেনশন সেন্টারে এই সম্মেলন আয়োজিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি সম্মেলনের বিশেষ অধিবেশনে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের জন্য প্রবাসী ভারতীয়দের হাতে ‘প্রবাসী ভারতীয় সম্মান’ তুলে দেবেন রাষ্ট্রপতি। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও এই প্রসঙ্গে দেশের বিবর্তন এবং বিশ্বজুড়ে প্রবাসী ভারতীয়দের ছড়িয়ে পড়ার ক্ষেত্রে কলকাতা শহরের সমৃদ্ধ ও ঐতিহাসিক ভূমিকার কথা উল্লেখ করেছেন।
প্রবাসী ভারতীয় দিবসের তাৎপর্য ও মুখ্যমন্ত্রীর বার্তা
উল্লেখ্য, ১৯১৫ সালের ৯ জানুয়ারি মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন। সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করেই প্রতি বছর প্রবাসী ভারতীয় দিবস পালিত হয়। এর আগে পশ্চিমবঙ্গে কখনও এই সম্মেলনের আয়োজন হয়নি। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথমবার কলকাতা এই সম্মানের অধিকারী হলো।
দিল্লির অনুষ্ঠান থেকে প্রবাসীদের বাংলায় আসার আমন্ত্রণ জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “প্রধানমন্ত্রীর মন্ত্র হলো কথা কম, কাজ বেশি। আমরা সেটাই করে দেখাতে চাই। প্রবাসীরা বাংলায় আসুন, দক্ষিণেশ্বর ও কালীঘাট ঘুরুন। কলকাতা স্বামী বিবেকানন্দের জন্মভূমি। তাঁরা ফিরে যাওয়ার পর যখন বলবেন অন্য সব জায়গার চেয়ে কলকাতার অভিজ্ঞতা সবথেকে ভালো, তখনই আমাদের এই আয়োজন সার্থক হবে।”
এদিন বক্তব্য রাখতে গিয়ে পূর্বতন সরকারের সমালোচনা করে মুখ্যমন্ত্রী আরও বলেন, দীর্ঘ ৪৯ বছর রাজ্যে ‘ডবল ইঞ্জিন’ সরকার ছিল না এবং আগে অনেক কিছু থাকা সত্ত্বেও সঠিক ‘ভিশন’-এর অভাব ছিল, যার ফলে এই ধরনের বড় মাপের অনুষ্ঠানের আয়োজন সম্ভব হয়নি। এবার সেই অভাব পূরণ করে বিশ্বদরবারে বাংলার ঐতিহ্য তুলে ধরতে প্রস্তুত রাজ্য প্রশাসন।