দুই নারীর সঙ্গে পরকীয়া, সিংহাসন হারাচ্ছেন AI মুঘল জেনসেন হুয়াং?

পরকীয়া সম্পর্ক এবং চীনা গোয়েন্দা সংযোগের গুরুতর অভিযোগে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার (NVIDIA) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে পদ থেকে সরানোর তোড়জোড় শুরু করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। সম্প্রতি প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ ও ‘নিউইয়র্ক টাইমস’-এর প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসার পরই বিশ্বজুড়ে প্রযুক্তি জগতে চরম শোরগোল শুরু হয়েছে।
দুই নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগ ও তদন্ত
প্রতিবেদন অনুযায়ী, জেনসেন হুয়াংয়ের সঙ্গে এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বারলি পাওয়েলের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। ওই নারী সরাসরি হুয়াংয়ের অধীনস্থ হিসেবেই কাজ করতেন। এই বিষয়ে ফোনে হুয়াংয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এড়িয়ে যান এবং সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
পাশাপাশি, এই সম্পর্কের বাইরেও অ্যালিস হুয়াং নামের অপর এক নারীর সঙ্গে তাঁর সংযোগ নিয়েও তীব্র বিতর্ক তৈরি হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলির জোরালো সন্দেহ, অ্যালিস হুয়াং চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত থাকতে পারেন এবং তিনি এনভিডিয়ার স্পর্শকাতর চিপ মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে গোপনে চিনের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে পাচার করার ক্ষেত্রে সহযোগিতা করেছিলেন। গত রবিবার কর্মীদের কাছে পাঠানো এক অভ্যন্তরীণ স্মারকে নিজের স্ত্রীকে প্রতারিত করার কথা স্বীকার করে পুরো ঘটনার ‘পূর্ণ দায়’ স্বীকার করেছেন জেনসেন হুয়াং। তবে কার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল, সে বিষয়ে তিনি কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।
নড়েচড়ে বসল বোর্ড এবং শেয়ারবাজারে ধস
হুয়াংয়ের এই কেলেঙ্কারির খবর প্রকাশ্যে আসতেই গত বুধবার লেনদেন-পরবর্তী সময়ে এনভিডিয়ার শেয়ারের দাম হু হু করে প্রায় ৮ শতাংশ কমে যায়। বিশেষজ্ঞদের মতে, পরিচালনা পর্ষদের এই তদন্তের জেরে চলতি সপ্তাহে শেয়ারবাজারে কোম্পানিটির বাজারমূল্য প্রায় ৬০০ বিলিয়ন ডলার হ্রাস পেয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে এবং হুয়াং বিদেশি কোনো গোয়েন্দা সংস্থার নিশানায় ছিলেন কি না, তা তদন্ত করতে বাইরের আইনজীবীদের নিয়ে আসরে নেমেছে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। হুয়াং কোম্পানির নীতিমালা বা আইন ভেঙেছেন কি না, তার প্রমাণ মিললেই দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।
ডি এ ডেভিডসনের প্রযুক্তি গবেষণা বিভাগের প্রধান গিল লুরিয়া মন্তব্য করেছেন, তিন দশকেরও বেশি সময় আগে সহপ্রতিষ্ঠাতা হিসেবে এনভিডিয়াকে আজকের এই উচ্চতায় পৌঁছে দেওয়া জেনসেন হুয়াংকে হঠাৎ সরিয়ে দেওয়া কোম্পানির জন্য অত্যন্ত কঠিন হবে, কারণ এই মুহূর্তে তাদের কাছে কোনো উপযুক্ত উত্তরসূরি বা ব্যাকআপ পরিকল্পনা নেই। তবে পুরো ঘটনার পরিপ্রেক্ষিতে মার্কিন কংগ্রেসও নড়েচড়ে বসেছে। বন্ধ দরজার বৈঠকে হাজির হয়ে উপযুক্ত ব্যাখ্যা না দিলে হুয়াংকে আনুষ্ঠানিকভাবে তলব করা হতে পারে বলেও জানা গেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির এই যুগে এনভিডিয়ার এই নেতৃত্ব সংকট গোটা বিশ্ববাজারের অর্থনীতিতেই বড় ধরণের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।