নথি জমার সময় চাওয়া মানেই অপরাধ নয়! হাওড়া পুরসভার বাড়ি ভাঙার নির্দেশ খারিজ করল কলকাতা হাইকোর্ট

নির্মাণ সংক্রান্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে অতিরিক্ত সময় চেয়েছিলেন বাড়ির মালিক। কিন্তু সেই সাধারণ আবেদনকেই বেআইনি নির্মাণের স্বীকারোক্তি হিসেবে ধরে নিয়েছিল হাওড়া পৌরনিগম। আর সেই অদ্ভুত যুক্তিতেই রীতিমতো বাড়িটি ভেঙে ফেলার নির্দেশ জারি করা হয়। এবার পুরসভার সেই সিদ্ধান্তকেই সরাসরি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ, নির্মাণ সংক্রান্ত প্রয়োজনীয় নথি বা কাগজপত্র জমা দেওয়ার জন্য সময় চাওয়াকে কোনও ভাবেই বেআইনি নির্মাণের স্বীকারোক্তি বলে ধরে নেওয়া যায় না। হাইকোর্টের এই রায়ে হাওড়া পুরনিগমের প্রশাসনিক সিদ্ধান্ত বড়সড় প্রশ্নের মুখে পড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

ঘটনার সূত্রপাত হাওড়া শহরে। সুজয় ওরফে সুজয় সরকার নামে এক স্থানীয় বাসিন্দা হাওড়া পৌরনিগমের দেওয়া বাড়ি ভাঙার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। জানা গিয়েছে, ২০২৬ সালের ২৮ সেপ্টেম্বর হাওড়া পৌরনিগমের বোরো-২-এর সহকারী ইঞ্জিনিয়ার ওই বাড়িটি ভেঙে ফেলার নির্দেশ জারি করেছিলেন। পুরসভার সেই একতরফা এবং অযৌক্তিক নির্দেশের বিরুদ্ধে আইনি লড়াইয়ের পথ বেছে নেন সম্পত্তির মালিক। আদালতে মামলাকারীর আইনজীবী সওয়াল করেন, তাঁর মক্কেল কখনওই স্বীকার করেননি যে তাঁর বাড়ির নির্মাণ বেআইনি। অথচ পৌরনিগম তাঁর একটি লিখিত আবেদনপত্রকে ভুলভাবে ব্যাখ্যা করে স্বীকারোক্তি হিসেবে ধরে নিয়েছে এবং সেই ভিত্তিতেই বাড়ি ভাঙার মতো চরম পদক্ষেপের নির্দেশ দিয়েছে।

অন্যদিকে, আদালতে নিজেদের সিদ্ধান্তের পক্ষে যুক্তি খাড়া করার চেষ্টা করে হাওড়া পৌরনিগম। পুরসভার তরফে দাবি করা হয়, নির্ধারিত শুনানির সময় নির্মাণের বৈধতা প্রমাণ করার মতো প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে ব্যর্থ হয়েছিলেন বাড়ির মালিক। মামলার অভিযোগকারী পক্ষও আদালতে পৌরনিগমের এই সিদ্ধান্তকেই সমর্থন জানায়। তবে দু’পক্ষের সওয়াল-জবাব শোনার পর মামলার যাবতীয় নথিপত্র অত্যন্ত খুঁটিয়ে খতিয়ে দেখেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রিশাদ মেদোরা। ২০২৫ সালের ৩ এপ্রিল বাড়ির মালিক পুরসভাকে যে চিঠিটি দিয়েছিলেন, তা পরীক্ষা করে আদালত স্পষ্ট জানিয়ে দেয় যে ওই চিঠিতে বেআইনি নির্মাণের কথা স্বীকার করার কোনও উল্লেখই নেই। বিচারপতি পর্যবেক্ষণে জানান, ওই লিখিত নথিতে সুজয়বাবু শুধুমাত্র নির্মাণ সংক্রান্ত বৈধ নথিপত্র জোগাড় করে জমা দেওয়ার জন্য কিছুটা অতিরিক্ত সময় চেয়েছিলেন মাত্র।

সমস্ত দিক এবং আইনি যুক্তি বিবেচনা করে শেষ পর্যন্ত হাওড়া পৌরনিগমের দেওয়া বাড়ি ভাঙার নির্দেশটি সম্পূর্ণ খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। শুধু নির্দেশ খারিজ করাই নয়, পুরসভাকে নতুন করে পুরো বিষয়টি বিবেচনা করার নির্দেশও দিয়েছেন বিচারপতি রিশাদ মেদোরা। আদালতের নির্দেশ অনুযায়ী, এই মামলায় বাড়ির মালিক এবং অভিযোগকারী— দু’পক্ষকেই নিজেদের বক্তব্য পেশ করার পূর্ণ সুযোগ দিতে হবে। পাশাপাশি নিজেদের দাবির সপক্ষে প্রয়োজনীয় নথিপত্রও জমা দিতে পারবেন তাঁরা। আগামী আট সপ্তাহের মধ্যে সব পক্ষের বক্তব্য শুনে এবং সমস্ত নথি যথাযথভাবে খতিয়ে দেখে হাওড়া পৌরনিগমকে এই বিষয়ে নতুন করে আইনানুগ সিদ্ধান্ত নিতে হবে বলে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *