KKR-থেকে পড়েছিলেন বাদ,ফের IPL নিলামে মুস্তাফিজ়ুর, দল পাবেন?

যে ক্রিকেটারকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের জেরে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ, সেই মুস্তাফিজুর রহমান সহ একঝাঁক তারকা ক্রিকেটার ফের আইপিএলের (IPL) মিনি নিলামের জন্য নাম লেখালেন। সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (BCB) চিঠি পাঠানোর পাশাপাশি বাংলাদেশি প্লেয়ারদের আইপিএলে খেলার জন্য সবুজ সঙ্কেতও দিয়েছে। এর ফলে চলতি বছরের জানুয়ারি মাস থেকে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে যে কূটনৈতিক ও ক্রীড়া সংক্রান্ত তিক্ততা তৈরি হয়েছিল, তা এবার কাটার পথেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বিসিবি-কে চিঠি ও নিলামে বাংলাদেশি তারকাদের নাম নথিভুক্তকরণ
আইপিএলের প্রথা অনুযায়ী, মিনি নিলামের আগে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের কাছে দলীয় খেলোয়াড়দের তালিকা চাওয়া হয়। সেই নিয়ম মেনেই বিসিবি-কে চিঠি পাঠিয়েছে বিসিসিআই। এর পরেই আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় বসতে চলা মিনি নিলামের জন্য নিজের নাম নথিভুক্ত করেছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।
সূত্র মারফত জানা গেছে, শুধু মুস্তাফিজ একা নন; আগামী ১৭ নভেম্বর নাম নথিভুক্ত করার শেষ তারিখের আগেই বাংলাদেশের বেশ কয়েকজন তরুণ ও অভিজ্ঞ তারকা নিলামের টেবিলে নিজেদের ভাগ্য পরীক্ষা করতে চলেছেন। সেই তালিকায় রয়েছেন পেসার নাহিদ রানা, লেগ স্পিনার রিশাদ হোসেন, ব্যাটার তৌহিদ হৃদয়, এবং পেসার তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।
আইপিএল কেন্দ্র করে দুই দেশের দ্বন্দ্ব ও বিশ্বকাপের বয়কট
উল্লেখ্য, গত ডিসেম্বরের নিলামে ২ কোটি টাকার বেস প্রাইস থেকে রেকর্ড ৯.২০ কোটি টাকায় মুস্তাফিজুর রহমানকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স (KKR), যা আইপিএলের ইতিহাসে কোনও বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ দর ছিল। কিন্তু গত ডিসেম্বরে বাংলাদেশে ছাত্রনেতা উসমান হাদির হত্যাকাণ্ড এবং তার জেরে উদ্ভূত ভারত-বিরোধী পরিস্থিতির কারণে বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে বাধ্য হয় কেকেআর ফ্র্যাঞ্চাইজি।
এই সিদ্ধান্তকে কেন্দ্র করে তৎকালীন বিসিবি কর্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল পাঠাতে অস্বীকার করে। তারা শ্রীলঙ্কায় ম্যাচগুলি সরানোর দাবি জানালেও আইসিসি তা মানেনি। ফলস্বরূপ, বাংলাদেশ টুর্নামেন্ট থেকে ছিটকে যায় এবং তাদের পরিবর্তে খেলার সুযোগ পায় স্কটল্যান্ড। সেই সময়ে অনেকেই মনে করেছিলেন যে আইপিএলের দরজা বুঝি চিরতরে বন্ধ হয়ে গেল বাংলাদেশি ক্রিকেটারদের জন্য। তবে বিসিসিআইয়ের সাম্প্রতিক এই উদ্যোগ প্রমাণ করে দিল যে অতীতের তিক্ততা ভুলে দুই দেশই ক্রিকেটীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে পা বাড়াতে চলেছে।