ও অমানুষ!’ বিগ বসের ঘরে রাজবীরের কোন জঘন্য আচরণে ক্ষোভে ফেটে পড়লেন ভরত কল?

বিগ বস’ (Bigg Boss)-এর ঘর থেকে বেরিয়ে আসার পর থেকেই একের পর এক বিস্ফোরক মন্তব্য করে খবরের শিরোনামে উঠে আসছেন জনপ্রিয় অভিনেতা ভরত কল। শোয়ের অন্দরে প্রতিযোগীদের আচরণ নিয়ে এর আগেও একাধিকবার মুখ খুলেছেন তিনি। তবে এবার রাজবীরের একটি কান্ড দেখে রীতিমতো ক্ষোভে ফেটে পড়লেন বর্ষীয়ান এই অভিনেতা। রাজবীরের এহেন আচরণকে ‘অমানবিক’ বলে তোপ দেগেছেন তিনি।
ঠিক কী ঘটেছিল বিগ বসের ঘরে?
সম্প্রতি বিগ বসের ঘরে রাজবীরের একটি কাণ্ড ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। রাগের বশে রাজবীর ‘উইশ বোর্ড’-এ এলিমিনেট হওয়া প্রতিযোগীদের হাতে লেখা সমস্ত কিছু মুছে ফেলেন। তাঁর ধারণা ছিল, নন্দিনীর লেখা কেউ মুছে দিয়েছে। কিন্তু তিনি জানতেন না যে, নন্দিনী ঘর থেকে বের হওয়ার আগেই নিজের হাতে নিজের লেখা মুছে দিয়ে গিয়েছিলেন।
রাজবীরের এই কাণ্ডে ক্ষুব্ধ হন ঘরের অন্যান্য সদস্যরাও। আর এই ঘটনা গভীরভাবে নাড়া দিয়েছে ভরত কলকেও।
কী বললেন ভরত কল?
‘আজকাল ডট ইন’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ভরত কল নিজের ক্ষোভ উগরে দিয়ে বলেন, “ওর কাছ থেকে কোনওকিছু আশা করি না। ও ইমোশন বোঝে না, যা করে সবকিছু খেলার জন্য। সবার স্ট্রাগল আছে, ও শিলিগুড়ির ছেলে মুম্বইয়ে নিজের জায়গা তৈরি করছে, কিন্তু ও কারওর স্ট্রাগল, কারওর ইমোশন বোঝে না। অমানবিক আচরণ, অমানুষ হলে এরকম কেউ করতে পারে।”
অভিনেতা আরও ক্ষোভ প্রকাশ করে জানান, “প্রথম এলিমিনেট হয়েছিল জয়ীতা, ওর এক সপ্তাহের জার্নি ছিল, এরপর কয়েক সপ্তাহ পেরিয়ে এক একজন বেরিয়েছে। কিন্তু ও সবার স্মৃতি এভাবে মুছে দিল। আমি চাই এই শো যে-ই জিতুক না কেন ‘বিগ বস’-এর ট্রফি যেন রাজবীরের হাতে না যায়।”
এছাড়াও রাজবীরের সঙ্গে নন্দিনীর সম্পর্ক ও আচরণ নিয়েও মুখ খুলেছেন ভরত। তিনি স্পষ্ট জানান, তিনি যদি ঘরের ভিতরে থাকতেন, তবে এই বিষয়ে তাদের দুজনকে আগেই সতর্ক করতেন। সব মিলিয়ে, বিগ বসের ঘর থেকে বেরিয়েও ঘরের বিতর্কিত খেলা এবং সহ-প্রতিযোগীদের আচরণ নিয়ে ভরত কলের এই চাঁচাছোলা মন্তব্য এখন নেটদুনিয়ায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে।