দিওয়ালির ঠিক আগের রাতে বিভীষিকা! চোখের সামনে আগুনে পুড়ে ছাই সব, মর্মান্তিক মৃত্যু চেনা মানুষটির

দিওয়ালির আনন্দের রেশ কাটতে না কাটতেই নেমে এল গভীর শোকের ছায়া। উৎসবের ঠিক আগের রাতে অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী ও অভিনেতা বিবেক দাহিয়ার আবাসনে ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ওই বিল্ডিংয়ের নিরাপত্তারক্ষী ধনপত আঙ্কেল। প্রিয় মানুষের এমন আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ অভিনেত্রী ও তাঁর পরিবার। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্টের মাধ্যমে পুরো ঘটনাটি ভাগ করে নেন দিব্যাঙ্কা।
দিওয়ালির রাত কীভাবে বদলে গেল দুঃস্বপ্নে?
পোস্টে অভিনেত্রী লিখেছেন, দিওয়ালি এবং বিবেকের জন্মদিনের আগের রাতে তাঁদের বিল্ডিংয়ে আগুন লাগে। সেদিন তাঁদের বাইরে যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু শেষ মুহূর্তে তা বাতিল হওয়ায় তারা বাড়িতেই ছিলেন। সময়মতো বিপদ বুঝতে পারায় সন্তান, পরিবার ও কর্মচারীদের নিয়ে নিরাপদে বেরিয়ে আসতে পেরেছিলেন তাঁরা।
কিন্তু স্বস্তির সেই নিঃশ্বাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। দিব্যাঙ্কা জানান, তাঁরা যখন জানতে পারেন যে বিল্ডিংয়ের প্রহরী ধনপত আঙ্কেল এই দুর্ঘটনায় মারা গেছেন, তখন সেই খবর মেনে নেওয়া তাঁদের জন্য অত্যন্ত কঠিন ছিল। এক বন্ধুর বাড়িতে আশ্রয় নিয়েও তাঁরা প্রার্থনা করছিলেন, যেন এই ভয়াবহ খবরটি সত্যি না হয়।
“আপনি আমাদের দৈনন্দিন জীবনের অংশ ছিলেন”
নিরাপত্তারক্ষী ধনপতকে স্মরণ করে দিব্যাঙ্কা আরও লেখেন, তাঁরা যখন প্রথম সন্তানদের বাড়িতে নিয়ে আসেন, তখন তাঁদের স্বাগত জানিয়ে আশীর্বাদ করেছিলেন ধনপত। তাঁরা ভেবেছিলেন, আগামী দিনে তাঁদের সন্তানদের বড় হতে দেখবেন তিনি, খেলায় মাতবেন। কিন্তু সেই স্বপ্ন স্বপ্নই রয়ে গেল।
দিব্যাঙ্কার কথায়, দিওয়ালির রাতে অগ্নিকাণ্ড তাঁদের বাড়ির আলো তো নিভিয়েই দিয়েছে, সেই সঙ্গে একটি অমূল্য প্রাণ ঝরে যাওয়ার কারণে তাঁদের হৃদয়ে যে অন্ধকার নেমে এসেছে, তা কোনো আলো দিয়েই দূর করা সম্ভব নয়।